২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাকার ৫০ বছর

স্বাধীন বাংলাদেশের নিজস্ব কাগুজে মুদ্রা ‘টাকা’ প্রথম যেদিন বাজারে এসেছিল, তার সুবর্ণজয়ন্তী উদযাপিত হচ্ছে সংগ্রাহকদের নানা আয়োজনে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2022, 01:26 PM

Updated : 28 Apr 2022, 11:47 PM

১৯৭২ সালের ৪ মার্চ বাজারে আসে স্বাধীন বাংলার মানচিত্রখচিত ১ টাকার নোট, সেটাই বাংলাদেশের প্রথম ব্য্যাংক নোট। 

একই দিনে ৫ ও ১০০ টাকার নোট এবং মে মাসের শুরুতে ১০ টাকার নোট বাজারে ছাড়ে বাংলাদেশ সরকার।

বাংলাদেশের প্রথম কাগুজে মুদ্রা চালুর দিনটি গত বছর থেকে পালিত হচ্ছে 'টাকা দিবস' হিসেবে।

এবারের টাকা দিবসে দুই দিনব্যাপী উৎসবের আয়োজন করেছে দেশের প্রথম ব্যাংক নোট ও মুদ্রাবিষয়ক পত্রিকা কালেক্টার। এ আয়োজনে থাকছে সংগ্রাহক মহাসমাবেশ, মেগা অকশন এবং পুরস্কার বিতরণীসহ নানা আয়োজন।

নিজস্ব মুদ্রা একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্বের একটি প্রতীক। তাই হাজার প্রতিকূলতার মধ্যেও যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে স্বল্পতম সময়ের মধ্যে নিজস্ব ব্যাংক নোট চালুর উদ্যোগ নিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

প্রথম নোটগুলো ছাপিয়ে আনা হয়েছিল ভারতের সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্বাধীনতার পরে নিজস্ব মুদ্রা না থাকার কারণে সার্বিক অর্থ ব্যবস্থায় সংকট ছিল। এরপর খুব কম সময়ে, দেশ স্বাধীন হওয়ার মাত্র ২ মাস ১৯ দিন পর বাংলাদেশে কাগজের টাকার প্রচলন হয়।''

স্বাধীনতার আগে এ দেশে চলত পাকিস্তানের ব্যাংক নোট; নাম ছিল রুপি। মোহাম্মদ আলী জিন্নাহর ছবিসহ সেই রুপিতে বাংলা, ইংরেজি ও উর্দু ভাষায় মান লেখা থাকত।

তবে ভাষা আন্দোলনের পর থেকেই বাংলাদেশে 'রুপি' না বলে 'টাকা' বলতে শুরু করে মানুষ। আর মুক্তিযুদ্ধে বিজয়ের মাত্র ১০ দিনের মধ্যে 'টাকা'কে বাংলাদেশের জাতীয় মুদ্রা ঘোষণা করা হয়। কেন্দ্রীয় ব্যাংক হিসেবে 'বাংলাদেশ ব্যাংক' প্রতিষ্ঠার আইন করা হয়।

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে জায়গা না দিতে সবরকম চেষ্টা চালায় পাকিস্তান। হত্যা, গণহত্যা, ধর্ষণের মতো যুদ্ধাপরাধের পাশাপাশি এ দেশকে আর্থিকভাবে পঙ্গু করতে পাকিস্তানি বাহিনী নগদ টাকা (রুপি) পুড়িয়ে দেয়।

হানাদার বাহিনী সে সময় শুধু ঢাকার মতিঝিলের কয়েক ব্যাংকেই কয়েক শ কোটি রুপির নোট পুড়িয়ে ফেলে বলে ধারণা করা হয়।

ফলে স্বাধীনতার পর অপ্রতুল ব্যাংক নোট নিয়েই যাত্রা শুরু করে দেশের ব্যাংকিং ব্যবস্থা। পাশাপাশি যুদ্ধ বিধ্বস্ত যোগাযোগ ব্যবস্থা দেশের বিভিন্ন এলাকায় ব্যাংক নোট সরবরাহের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়।

এসব বাধা দ্রুত কাটিয়ে উঠতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার প্রথম যে কয়জন কর্মকর্তাকে নিয়োগ দেয়, তাদের একজন ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আ ন ম হামিদুল্লাহ। দেশের ব্যাংকিং ব্যবস্থাকে পাকাপোক্ত কাঠামোয় নিয়ে আসার ভার দেওয়া হয় তার কাঁধে।

কিন্তু নিরাপত্তা বজায় রেখে দ্রুত কাগজের নোট ছাপানোর কাজটি তখন বাংলাদেশের জন্য কঠিন ছিল।

এ পরিস্থিতিতে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় ভারত। তাদের সিকিউরিটি প্রিন্টিং প্রেসে বাংলাদেশের নোট দ্রুততার সাথে ছাপিয়ে দিতে রাজি হয় তারা।

তখনকার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ব্যবহারের জন্য নির্ধারিত হেলিকপ্টারের মাধ্যমে দেশের প্রয়োজনীয় সব জায়গায় নিজস্ব ব্যাংক নোট পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।

ব্যাংক নোটবিষয়ক তথ্য ও গবেষণাধর্মী পত্রিকা কালেক্টার জানিয়েছে, বাংলাদেশের প্রথম কাগুজে নোটের সুবর্ণজয়ন্তী উপলক্ষে শুক্রবার ও শনিবার তাদের উৎসবের আয়োজন করেছে ঢাকার ৬৮, কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে।

শিগগিরই সরকারিভাবে এ দিবস পালনের উদ্যোগ নেওয়া হবে বলে আশা করা হয়েছে তাদের বিবৃতিতে।