২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উনাদের মূল্যস্ফীতি উনারা ব্যবহার করুক: সানেমকে অর্থমন্ত্রী

সরকারের প্রকাশিত মূল্যস্ফীতির তথ্যে ‘বাস্তবতার প্রতিফলন ঘটছে না’ বলে যে অভিযোগ বেসরকারি গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং-সানেম তুলেছে, তা সরাসারি প্রত্যাখ্যান করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2022, 10:07 PM

Updated : 02 Aug 2022, 03:02 PM

তার দাবি, সরকার সব নিয়ম মেনেই মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করছে এবং অন্যসব দেশও ‘এভাবেই’ হিসাব করে।

সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, জানুয়ারি মাসে বিবিএস পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে ৫ দশমিক ৮৬ শতাংশ মূল্যস্ফীতির তথ্য দিলেও সানেমের হিসাবে শহরে সার্বিক মূল্যস্ফীতি ১২ দশমিক ৪৭ শতাংশ এবং গ্রামাঞ্চলের প্রান্তিক মানুষের মূল্যস্ফীতি ১২ দশমিক ১০ শতাংশ হয়েছে।

বিবিএস ২০০৫-০৬ সালে পরিচালিত খানা আয় ব্যয় জরিপের ওপর ভিত্তি করে ভোক্তা মূল্যসূচক তৈরি করার কারণে এই ‘অযৌক্তিক’ তথ্য আসছে বলে মনে করে করেন সেলিম রায়হান।

সানেম ছাড়াও পলিসি রিসার্চ ইনস্টিটিউট বা পিআরআই এর নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর দাবি করেছেন, সরকার যে মূল্যস্ফীতি প্রকাশ করছে টিসিবির মূল্য তালিকা ও নিম্ন আয়ের মানুষের দৈনন্দিন কেনা পণ্যের বাস্কেট বিবেচনায় তা আরও বেশি হয়।

সানেমের গবেষণার বিষয়ে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি সাংবাদিকদের বলেন, “তাদের (সানেমের) কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমরা কি নিয়ম নীতি অমান্য করেছি? প্রত্যেক দেশে যেভাবে মূল্যস্ফীতি হিসাব করছে, আমরাও সেভাবে করছি।

“উনারা মূল্যস্ফীতির যে তথ্য পেয়েছে, উনারা সেটা ব্যবহার করুক। আমি কারও বিরুদ্ধে বলব না। সরকার থেকে যে কাজগুলো করা হচ্ছে সেখানে কোনো ব্যত্যয় নেই। উনারা প্রতিদিনই ইনফ্লেশন বের করতে পারেন, সেটা উনারা করুক। উনারা কীভাবে করে আমি জানি না। উনারা কি ইন্ডিয়ার ডেটা ব্যবহার করে, নাকি রাশিয়ার ডেটা ব্যবহার করে? নাকি ফ্রান্সের ডেটা ইউজ করে আমি জানি না। আমাদের ডেটা তো আমাদের কাছেই আছে।”

পোশাক শ্রমিক, দিনমজুর, রিকশা ও ভ্যান চালক এবং ছোট ব্যবসায়ী চার ক্যাটাগরির মানুষের দৈনন্দিন তথ্য নিয়ে মূল্যস্ফীতির এই হিসাব করার কথা জানিয়েছে সানেম।

অধ্যাপক সেলিম বলেন, “২০১৮ সালে সানেম ও পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত ১০ হাজার ৫০০টি পরিবারের দেশব্যাপী সমীক্ষার বিশদ তথ্য-উপাত্ত ব্যবহার করে এই সমীক্ষা পরিচালনা করা হয়েছে। এই সমীক্ষার তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করে আমরা প্রান্তিক গোষ্ঠীগুলোর জন্য একটি সাধারণ খাদ্যসামগ্রীর তালিকা বা ফুড কনজাম্পশন বাস্কেট তৈরি করেছি। এই তালিকার প্রতিটি সামগ্রীর জন্য আমরা নতুন করে প্রতিমান গণনা করেছি।

“এই তালিকা বা ফুড বাস্কেটের ওপর ভিত্তি করে এবং সরকারের কৃষি বিপণন বিভাগ এবং ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশের (টিসিবি) সংগৃহীত খুচরা মূল্যের উপাত্তের ভিত্তিতে আমরা মাসিক পয়েন্ট টু পয়েন্ট খাদ্য মূল্য সূচক এবং খাদ্য মূল্যস্ফীতির হার হিসাব করা হয়েছে।”

বিবিএসের জরিপের ত্রুটি চিহ্নিত করে ড. সেলিম বলেন, “বিবিএস ২০০৫-০৬ অর্থবছরে পরিচালিত খানা আয় ব্যয় জরিপের ওপর ভিত্তি করে ভোক্তা মূল্য সূচক তৈরি করার কারণে এই অযৌক্তিক তথ্য আসছে। এরপর ২০১৫-১৬ অর্থবছরে আরেকটি খানা আয়-ব্যয় জরিপ পরিচালনা করা হয়েছে। ২০১৭ সাল থেকেই সেই জরিপের তথ্য ব্যবহার করা সম্ভব। অথচ তুলনামূলক সেই আপডেটেড উপাত্ত কেন ব্যবহার করছে না, সেটি স্পষ্ট নয়।”

তিনি বলেন, দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে যেভাবে খাদ্য ও খাদ্য বহির্ভূত পণ্যের দাম বাড়ছে তা বিবিএসের হিসাবে দেখা যাচ্ছে না।