২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংশোধিত এডিপির পুরোটাই কমেছে প্রকল্প সহায়তায়

বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) এবারের সংশোধনীতে অর্থ বরাদ্দের পুরোটাই কমানো হয়েছে দাতাদের দেওয়া প্রকল্প সহায়তা খাত থেকে, যার পরিমাণ ১৭ হাজার ৭৭৪ কোটি টাকা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2022, 07:38 PM

Updated : 02 Aug 2022, 03:02 PM

চলতি ২০২১-২২ অর্থবছরে এডিপির মূল বরাদ্দ সংশোধন করে ৭ দশমিক ৮৮ শতাংশ কমিয়ে ২ লাখ ৭ হাজার ৫৫০ কোটি টাকা করেছে সরকার। এই আকার ছিল ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকা।

বুধবার সর্বোচ্চ অর্থনৈতিক ফোরাম জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এই সংশোধনী অনুমোদন দেওয়া হয় বলে জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

রাজধানীর শেরে বাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভাপতি হিসাবে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠকের পর পরিকল্পনামন্ত্রীর পরামর্শে সংবাদ সম্মেলনে সংশোধিত এডিপির (আরএডিপি) বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা বিভাগের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী।

তিনি জানান, এবারের সংশোধিত এডিপি গত অর্থবছরের সংশোধিত এডিপির তুলনায় প্রায় ৫ শতাংশ বেশি। গত অর্থবছরের সংশোধিত এডিপির আকার ছিল প্রায় ১ লাখ ৯৭ হাজার ৬৪৩ কোটি টাকা।

চলতি অর্থবছরের সংশোধিত এডিপিতে দেশের অভ্যন্তরীণ সম্পদ ব্যবস্থাপনা থেকে যোগান দেওয়া হবে ১ লাখ ৩৭ হাজার ৩০০ কোটি টাকা এবং বৈদেশিক উৎস থেকে অর্থায়ন ৭০ হাজার ২৫০ কোটি টাকা।

সংবাদ সম্মেলনে প্রদীপ রঞ্জন চক্রবর্তী জানান, এবারের সংশোধনীতে মোট ১৭ হাজার ৭৭৪ কোটি টাকা কমানো হয়েছে এবং এর পুরোটাই প্রকল্প সহায়তা খাত থেকে।

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “প্রকল্প সহায়তার অর্থ ব্যয়ে দাতাদের কিছু শর্ত থাকে। সেসব শর্ত মেনেই প্রকল্প বাস্তবায়ন করা হয়। এক্ষেত্রে অর্থ ব্যয় কিছু স্লো হয়।

“যার কারণে প্রতিবছরই একই প্রবণতা দেখা যায় যে, প্রকল্প সহায়তা থেকেই কাটছাঁট করতে হয়। এবারও সেই ধারাবাহিকতা বিদ্যমান ছিল।”

বৈদেশিক সহায়তার অর্থ খরচ কম হয় কেন? সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন তোলা হলে তার জবাব দেন সরকারের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব আবু হেনা মোরশেদ জামান।

তিনি বলেন, “বৈদেশিক সহায়তাপুষ্ট প্রকল্পের অর্থ দুটি কারণে ব্যয় কম হতে পারে। একটি হচ্ছে ওইসব প্রকল্পে পরামর্শক থাকে। গত দুই বছরের কোভিড-১৯ পরিস্থিতিতে অনেক পরামর্শকই বেশিরভাগ সময় বিদেশে ছিলেন।

“তাই এই খাতে খরচটা করা যায়নি। একইভাবে কোভিড-১৯ এর কারণে বিদেশ থেকে অনেক যন্ত্রপাতি আনা সম্ভব হয়নি। এগুলো হচ্ছে একেবারে গ্রাউন্ড রিয়ালিটি।”

এডিপি প্রায় ৮ শতাংশ কমানোর প্রস্তাব

সোয়া ২ লাখ কোটি টাকার এডিপি‘র প্রস্তাব  

আইএমইডি’র পর্যবেক্ষণ থেকে এসব কারণ উঠে এসেছে জানিয়ে তিনি বলেন, “সুতরাং দাতাদের অনেক কঠিন কঠিন শর্ত ছিল, আমরা কমপ্লাই করতে পারি নাই, ব্যয় কম হয়েছে, তা নয় কিন্তু।”

এসময় পরিকল্পনা সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী জানান, বৈঠকে সংশোধিত এডিপিতে স্বায়ত্বশাসিত সংস্থা বা করপোরেশনের বরাদ্দ থেকে প্রায় ১৬ শতাংশ কমিয়ে ৯ হাজার ৬১৩ কোটি ৬৮ লাখ টাকায় নামিয়ে আনা হয়েছে।

মূল এডিপিতে এই খাতের বরাদ্দ  ছিল প্রায় ১১ হাজার ৪৬৮ কোটি ৯৫ লাখ টাকা। স্বায়ত্বশাসিত বা কর্পোরেশনের প্রকল্পসহ এডিপির সর্বমোট আকার দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ১৬৩ কোটি ৬৮ লাখ টাকা।

চলতি অর্থবছরে সংশোধিত এডিপির আওতায় মোট ১ হাজার ৭৭০টি প্রকল্প চলমান রয়েছে। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প ১,৫২০টি, কারিগরী সহায়তা প্রকল্প ১৪২টি এবং স্বায়ত্বশাসিত সংস্থা/কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে ১০৮টি প্রকল্প।

খাত ভিত্তিক বরাদ্দ:

সংশোধিত এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতে; ​ প্রায় ৫৫ হাজার ৮২৭ কোটি টাকা, যা মোট বরাদ্দের প্রায় ২৭ শতাংশ।

দ্বিতীয় সর্বোচ্চ প্রায় ৩৯ হাজার ২১৪ কোটি টাকা বা ১৮ দশমিক ৮৯ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে।

তৃতীয় সর্বোচ্চ ২৩ হাজার ৫৯৬ কোটি টাকা বা ১১ দশমিক ৩৭ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে গৃহায়ণ ও কমিউনিটি সেক্টরে।

এছাড়া শিক্ষা খাতে দেওয়া হয়েছে ২০ হাজার ৮২৪ কোটি টাকা বা ১০ শতাংশ। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে ১৫ হাজার ৫২০ কোটি টাকা বা ৭ দমমিক ৪৮ শতাংশ।

স্বাস্থ্য খাতে দেওয়া হয়েছে ১৩ হাজার ৭৯৭ কোটি টাকা বা ৬ দশমিক ৬৫ শতাংশ। পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ খাতে দেওয়া হয়েছে ৯ হাজার ৮৫ কোটি টাকা বা ৪ দশমিক ৩৮ শতাংশ।

কৃষি খাতে দেওয়া হয়েছে ৭ হাজার ২৭৯ কোটি টাকা বা ৩ দশমিক ৫১ শতাংশ। শিল্প ও অর্থনৈতিক সেবা খাতে দেওয়া হয়েছে ৪ হাজার ৫৩৮ কোটি টাকা বা ২ দশমিক ১৯ শতাংশ এবং জনশৃঙ্খলা ও সুরক্ষা খাতে দেওয়া হয়েছে ৩ হাজার ৪৭৮ কোটি টাকা বা মোট বরাদ্দের ১ দশমিক ৬৮ শতাংশ।

জাতীয় অর্থনৈতিক পরিষদের এ সভায় প্রতিমন্ত্রী শামসুল আলম এবং সচিবসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।