২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এডিপি প্রায় ৮ শতাংশ কমানোর প্রস্তাব

চলতি ২০২১-২২ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ৭ দশমিক ৮৮ শতাংশ কমিয়ে ২ লাখ ৭ হাজার ৫৫০ কোটি টাকায় নামিয়ে আনা হচ্ছে।

জাফর আহমেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2022, 08:58 PM

Updated : 02 Aug 2022, 03:01 PM

মূল এডিপি থেকে ১৭ হাজার ৭৭৪ কোটি টাকা কমিয়ে সংশোধন করার প্রস্তাব তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা।

পরিকল্পনা মন্ত্রণালয়ের এই প্রস্তাব জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সভায় চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে। আগামী বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সে বৈঠক হবে।

পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগের প্রধান খন্দকার আহসান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা চলতি অর্থবছরের এডিপি সংশোধন করার একটি প্রস্তাব তৈরি করেছি।

“এই প্রস্তাবে যা কমানো হয়েছে, তা পুরোটাই প্রকল্প সহায়তা খাত থেকেই কমানো হচ্ছে। সরকারি তহবিলে আরও ৯ লাখ টাকা বাড়ানো হয়েছে।”

চলতি অর্থ বছরের জন্য ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকার এডিপি অনুমোদন দিয়েছিল সরকার, যা আগের অর্থ বছরের সংশোধিত এডিপির তুলনায় প্রায় ৫ শতাংশ বেশি।

১৪% আকার বাড়িয়ে এডিপি অনুমোদন

ছয় মাসে এডিপি বাস্তবায়ন ২৪%  

খন্দকার আহসান বলেন, “চলতি অর্থবছরের মূল এডিপি থেকে যে কাটছাঁট করা হয়েছে, তার পুরোটাই বৈদেশিক সম্পদ জোগানের খাত প্রকল্প সহায়তা থেকে। বর্তমান সরকারের অতীতের কয়েক অর্থবছরের মতো এবারও অভ্যন্তরীণ সম্পদের জোগান কমানো হয়নি।”

মূল এডিপিতে সরকারের নিজস্ব তহবিল থেকে জোগান ধরা হয়েছিল ১ লাখ ৩৭ হাজার ২৯৯ কোটি ৯১ লাখ টাকা। সংশোধিত এডিপিতে ৯ লাখ টাকা বাড়িয়ে ১ লাখ ৩৭ হাজার ৩০০ কোটি টাকা করার প্রস্তাব দেওয়া হচ্ছে।

তবে প্রকল্প সহায়তার খাতে প্রস্তাব করা হয়েছে ৭০ হাজার ২৫০ কোটি টাকা। মূল এডিপিতে প্রকল্প সহায়তা খাতের বরাদ্দ ছিল ৮৮ হাজার ২৪ কোটি টাকা। অর্থাৎ এ খাত থেকে ১৭ হাজার ৭৭৪ কোটি টাকা কমানো হয়েছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রকল্প বাস্তবায়নে জড়িত মন্ত্রণালয় ও বিভাগগুলোর সঙ্গে আমরা কয়েক দফা বৈঠক করে এই প্রস্তাব তৈরি করেছি। বাস্তবায়ন কর্মকর্তা আমাদের সঙ্গে বৈঠকে বলেছেন, তারা চলতি অর্থবছরে বৈদেশিক সহায়তার বরাদ্দ থেকে এর চেয়ে বেশি অর্থ ব্যয় করতে পারবেন না। তাই তাদের চাহিদা অনুযায়ী আমরা বরাদ্দ সংশোধন করেছি।”

পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগের একজন কর্মকর্তা জানান, প্রস্তাবিত সংশোধিত এডিপিতে সর্বোচ্চ প্রায় ২৭ শতাংশ বা ৫৫ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে পরিবহণ ও যোগাযোগ খাতে। খাতটিতে মূল বরাদ্দ দেওয়া হয়েছিল ৬১ হাজার ৬৩১ কোটি টাকা।

সংশোধিত এডিপিতে দ্বিতীয় সর্বোচ্চ প্রায় ১৯ শতাংশ ৩৯ হাজার ২০০ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব করা হয়েছে বিদ্যুৎ খাতে। মুল এডিপিতে খাতটিতে বরাদ্দ ছিল ৪৫ হাজার ৮৬৮ কোটি টাকা।

তৃতীয় সর্বোচ্চ ১০ দশমিক ৩০ শতাংশ বরাদ্দ বা ২১ হাজার ৩৭৫ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে শিক্ষা খাতে। মুল এডিপিতে এ খাতে বরাদ্দ ছিল ২৩ হাজার ১৭৮ কোটি টাকা।

এছাড়াও স্থানীয় সরকার ও পল্লী প্রতিষ্ঠান খাতে ১৫ হাজার ৫০০ কোটি টাকা,  স্বাস্থ্য খাতে ১৩ হাজার ৬৯৭ কোটি টাকা এবং কৃষি খাতে ৭ হাজার ২৮২ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।