২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই প্রকল্পে ২৫০০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) দেশের দুই উন্নয়ন প্রকল্পে ২৯ কোটি ২০ লাখ ডলারের ঋণ দিচ্ছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2022, 11:13 PM

Updated : 25 Oct 2022, 10:16 AM

বর্তমান বিনিময় হার ১ ডলারে ৮৬ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দুই হাজার ৫১১ কোটি টাকা।

মঙ্গলবার এ বিষয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও এডিবির মধ্যে আলাদা দুটি চুক্তি সই হয়েছে। শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে চুক্তিতে ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিন এবং এডিবির আবাসিক প্রতিনিধি এডিমন গিন্টিং সই করেন।

পদ্মা, যমুনা ও গঙ্গা নদীর অববাহিকায় বন্যা এবং নদী ভাঙনের ঝুঁকি প্রতিরোধ, অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে জলবায়ুর ঝুঁকি কমানোর কর্মসূচিতে ১৫ কোটি ৭০ ডলার ঋণ দিতে একটি চুক্তি হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এডিবি।

২০১৪ সালে সাক্ষরিত ‘ফ্লাড অ্যান্ড রিভারব্যাঙ্ক ইরোশন রিক্স ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট পোগ্রাম’ এর আওতায় দ্বিতীয় ও শেষ ধাপে এ অর্থ দেওয়া হচ্ছে।

এ কর্মসূচিতে নেদারল্যান্ডস সরকারের ১ কোটি ৭৮ লাখ ৯০ হাজার ডলার অনুদান কারিগরি সহায়তা আকারে ব্যবহার হচ্ছে। অনুদানের এ অর্থের ব্যবস্থাপনা করছে এডিবি।

সংস্থাটির আবাসিক প্রতিনিধি বলেন, বাংলাদেশের নদী ব্যবস্থাপনায় সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে প্রকল্পটি ভূমিকা রাখবে। এটি বাস্তবায়ন হলে নদী ভাঙন রোধ, চরের উন্নয়ন, ভূমিক্ষয় রোধ ও বন্যার ঝুঁকি কমে আসার মাধ্যমে সাধারণ মানুষ উপকার পাবেন।

এডিবি জানায়, কর্মসূচিটি বাস্তবায়নের মাধ্যমে ১৫ হাজার ৪০০ হেক্টর জমি প্লাবন থেকে রক্ষার পরিকল্পনা রয়েছে। সেইসঙ্গে নদীর ব্যবস্থাপনার মাধ্যমে আট হাজার হেক্টর চরের জমি উদ্ধার করা সম্ভব হবে। পানি উন্নয়ন বোর্ড কর্মসূচিটি বাস্তবায়ন করছে।

অপর চুক্তির আওতায় ‘ঢাকা এনভাইরনমেন্টালি সাসটেনেবল ওয়াটার সাপ্লাইন প্রজেক্টের’ অতিরিক্ত অর্থায়ন হিসেবে সাড়ে ১৩ কোটি ডলার অতিরিক্ত ঋণ দিচ্ছে এডিবি।

৬৭ কোটি ৪৯ লাখ ডলারের প্রকল্পটিতে সর্বমোট ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি। এ কর্মসূচিতে ফ্রান্স ৬ কোটি ৪০ লাখ ডলার, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক ১৩ কোটি ৬০ লাখ ডলার এবং বাংলাদেশ সরকার ২২ কোটি ৪৯ লাখ ডলার অর্থায়নের কথা রয়েছে।

প্রকল্পটির মাধ্যমে শহরে ভূগর্ভস্থ পানির উপর চাপ কমিয়ে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়ানো, ট্যারিফ যৌক্তিকীকরণ, সক্ষমতা বাড়ানো ছাড়াও নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।