রুবল গাড্ডায়, পুঁজিবাজার বন্ধ, অস্থির রাশিয়ার অর্থনীতি
এই মুর্হূতে রাশিয়া ছেড়ে যেতে পারলে সেটাই করতেন আন্দ্রেই, কিন্তু মস্কোতে গৃহঋণের সুদ হার এত বেড়েছে যে চাকরি ছাড়লে ঋণ শোধ করা কঠিন হয়ে যাবে তার জন্য। ফলে তার চাকরি ছাড়ার উপায় তার নেই, দেশ ছাড়াও কঠিন।
প্রতিবেশী ইউক্রেইনে মস্কোর আগ্রাসন শুরুর পর পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার ধাক্কা অনুভব করতে শুরু করেছেন আন্দ্রেইয়ের মত আরও অনেক রুশ নাগরিক।
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রাশিয়ার বিরুদ্ধে একের পর এক অর্থনৈতিক অবরোধ আরোপ করে চলায় সেদেশের মুদ্রা রুবলের বিনিময় হারের রেকর্ড পতন হয়েছে, এর প্রভাবে মস্কোর পুঁজিবাজারে লেনদেন বন্ধ রাখতে হয়েছে।
সোমবার দিনের লেনদেন শুরুর পরপরই রাশিয়ার রুবলের বিনিময় হার এক ঘণ্টার মধ্যে ২৫ শতাংশ পড়ে যায়। মূলত ব্যাপক পশ্চিমা অর্থনৈতিক অবরোধের মুখে আতঙ্কিত হয়ে পড়ছেন সাধারণ রুশ নাগরিকেরা।
রয়টার্স জানায়, রুবলের দরপতনের রাশ টানতে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক তাদের মূল সুদের হার দুই অংকে নেওয়ার ঘোষণা দেয়, বিদেশিদের কাছে থাকা রাশিয়ার সিকিউরিটি বন্ড বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করে এবং রপ্তানিকারকদের নির্দেশ দেয় তাদের বেশিরভাগ বিদেশি মুদ্রার আয় যেন তারা রুবলে বদলে নেয়।
ক্রেমলিনের দাবি, এই অবরোধ মোকাবেলা করার মত পর্যাপ্ত সম্পদ রাশিয়ার রয়েছে। তবে বিবিসি লিখেছে, রাশিয়ার ওই দাবি নিয়ে প্রশ্ন তোলার সুযোগ আছে।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের আগের অবরোধের কারণেই রাশিয়ার অর্থনৈতিক কার্যক্রম ব্যাহত হচ্ছিল। আর এখন রুবলের ব্যপক দরপতনের ফলে সাধারণ রুশরা দেখছেন, ব্যাংকে তাদের সঞ্চয় রাতারাতি হারিয়ে যেতে বসেছে।
এ পরিস্থিতিতে অনেক বেশি গ্রাহক টাকা তুলে নিতে ব্যাংকে ভিড় জমাতে পারে- এই আশঙ্কায় গত সপ্তাহান্তে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানায়।
নিষেধাজ্ঞার কারণে কিছু রুশ ব্যাংক ভিসা ও মাস্টারকার্ড এবং অ্যাপল পে ও গুগল পে সেবা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
মস্কোর একজন প্রজেক্ট ম্যানেজার পদের কর্মকর্তা বিবিসিকে বলেছেন, এই সেবাগুলো না থাকায় এখন তিনি মেট্রোতে চড়তেও সমস্যায় পড়েছেন।
তিনি বলেন, মেট্রো স্টেশনের টিকেটিং ব্যবস্থা চলে ভিটিবি ব্যাংকের মাধ্যমে। ওই ব্যাংকও নিষেধাজ্ঞার কবলে পড়েছে। ফলে সেখানে গুগল পে বা অ্যাপল পে কাজ করছে না।
“আমি সবসময় আমার ফোন ব্যবহার করে টিকিট কাটতাম, এখন আর সেটা হচ্ছে না। আমার মত অনেকেরই এ ভোগান্তি পোহাতে হচ্ছে।”
এক সপ্তাহ আগেও যে দরে বিদেশি মুদ্রা বিনিময় করতে পারছিলেন রুশরা, এখন তার চেয়ে ৫০ শতাংশ বেশি রুবল খরচ করতে হচ্ছে তাদের- যদি আদৌ পাওয়া যায়।
২০২২ সালের শুরুতেও ৭৫ রুবলে এক ডলার এবং ৮০ রুবলে এক ইউরো বিনিময় হচ্ছিল- অথচ সোমবার সেটা বেড়ে যথাক্রমে ১১৩ ও ১২৭ রুবলে ঠেকেছে।
বিবিসি জানায়, রোববার সন্ধ্যায় যখন রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমারা, তখনও রুশ নগরিকেরা তাদের মোবাইল ব্যাংকিং অ্যাপ থেকে ডলার কিনতে পারছিলেন।
কিন্তু সোমবার রাশিয়ার বৃহত্তম ব্যাংক সবেরব্যাংকের গ্রাহকেরা অ্যাপ ব্যবহার করে আর বৈদেশিক মুদ্রা বিনিময় করতে পারেননি। তাদের ব্যাংকে গিয়ে ফরম পূরণ করে আবেদন করতে হচ্ছে।
ব্যাংক কর্তৃপক্ষ অবশ্য কোনো ধরনের তারল্য সংকটের আশঙ্কা নাকচ করেছে। বিশ্লেষকেরাও বলেছেন, তারল্য সংকট হওয়ার কথা না, তবে এটিএমে নগদ মুদ্রায় টান পড়তে পারে।
ক্রেমলিন জানিয়েছে, সাম্প্রতিক এই অর্থনৈতিক অবরোধের জন্য তারা আগেই প্রস্তুত ছিল। ব্যবসায়ীদের আশ্বস্ত করে রুশ সরকার বলেছে, মহামারীর সময়ের মত এই পরিস্থিতিতেও সরকারের পক্ষ থেকে প্রণোদনা পাবেন তারা।
