বাংলাদেশের ভৌগোলিক অবস্থানকে অর্থনৈতিক সুবিধায় রূপান্তরের পরামর্শ
ভূরাজনৈতিকভাবে বাংলাদেশ যে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে, সে কথা তুলে ধরে এর অর্থনৈতিক সুবিধা কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।
সোমবার ঢাকায় এক সেমিনারে তিনি বলেন, “বঙ্গোপসাগরের তীরের বাংলাদেশ ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দেশ। পরিপূর্ণ অর্থনৈতিক সুবিধা অর্জনের জন্য এই ভৌগলিক অবস্থানকে কাজে লাগানো প্রয়োজন।”
এর অংশ হিসাবে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে জাপান সহযোগিতার দিচ্ছে বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত।
পাশাপাশি আড়াইহাজারে জাপানের অর্থনৈতিক অঞ্চল করার কথা তুলে ধরে তিনি বলেন, নতুন বন্দর ও অর্থনৈতিক অঞ্চল হলে বাংলাদেশ এ অঞ্চলের জন্য লজিস্টিকস, বিদ্যুৎ-জ্বালানি এবং সমুদ্রমুখী শিল্পের হাব হয়ে উঠবে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং জাপান দূতাবাস যৌথভাবে ’ভারত ও প্রশান্ত মহাসাগর এলাকার ভূরাজনীতি এবং বঙ্গোপসাগরকে সম্পৃক্তকরণ’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে।
জাপানের রাষ্ট্রদূত বলেন, সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং দুর্যোগ প্রশমন ও সমুদ্র নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে জাপান বাংলাদেশকে ‘প্রায়োগিক সহযোগিতা’ দিয়ে যাচ্ছে।
“পৃথিবীর সব দেশে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য জাপান ‘অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক’ চেতনা নিয়ে কাজ করছে। এক্ষেত্রে বাংলাদেশ এমন দেশ, যারা জাপান ও অন্যান্য সমমনা দেশের মত সুশৃঙ্খল সমুদ্র ব্যবস্থাপনার কথা বলে।”
এ অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য রোহিঙ্গা সঙ্কটের স্থায়ী সমাধান দরকার মন্তব্য করে জাপানের দূত বলেন, “সমস্যার সমাধানে বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে মিলে সর্বোচ্চ সহযোগিতা দেবে জাপান।”
পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ফারুক খান সেমিনারে বলেন, “আমি বিশ্বাস করি, বাংলাদেশ ও বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকার দেশগুলো নিজেদের মধ্যে শত্রুতা নয়, সহযোগিতার সম্পর্ক বজায় রাখতে চায়।”
রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের দেশ মিয়ানমারে না ফেরালে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তার জন্যও তা হুমকি তৈরি করবে বলে তিনি মন্তব্য করেন।
অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ ও লাইলুফার ইয়াসমিন, জাপানের আয়োমা গাকুয়িন ইউনিভার্সিটির আন্তর্জাতিক রাজনৈতিক অর্থনীতি বিভাগের অধ্যাপক কিকুচি সুতোমু, টোকিও বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুল অব পাবলিক পলিসির অধ্যাপক তাকাহারা আকিও, বিআইআইএসএসের চেয়ারম্যান ইমতিয়াজ হোসেন, মহাপরিচালক মাকসুদুর রহমান সেমিনারে বক্তব্য দেন।
