২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডার ওয়ান স্টপে যুক্ত হলো ৪ প্রতিষ্ঠান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ওয়ান স্টপ সার্ভিসে আরও চার প্রতিষ্ঠান যুক্ত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2022, 11:52 PM

Updated : 28 Apr 2022, 11:42 PM

সরকারি-বেসরকারি এ চার প্রতিষ্ঠান হলো- বিস্ফোরক পরিদপ্তর, প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়, ওয়ান ব্যাংক ও মেঘনা ব্যাংক।

বুধবার সংস্থার কার্যালয়ে এক অনুষ্ঠানে এ বিষয়ে ঘোষণা দেন বিডার নির্বাহী সদস্য মোহসিনা ইয়াসমিন।

অনুষ্ঠানে জানানো হয়, এখন ওয়ান স্টপ সার্ভিসের (ওএসএস) মাধ্যমে বিস্ফোরক পরিদপ্তর থেকে উদ্যোক্তারা বিস্ফোরক লাইসেন্স ইস্যু ও নবায়ন করাতে পারবেন।

প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় থেকে বয়লার আমদানির অনাপত্তি সনদের পাশাপাশি বয়লার নিবন্ধন ও সনদ ইস্যুকরণ, সনদপত্র নবায়ন এবং মালিকানা পরিবর্তন করা যাবে।

অপরদিকে ওয়ান ও মেঘনা ব্যাংকে অনলাইন অ্যাকাউন্ট খোলা যাবে ওএসএস এর মাধ্যমে।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে বিডা ওএসএস সেবা দেওয়া শুরু করে। নতুন এ চার প্রতিষ্ঠানসহ এ সেবায় যুক্ত হলো মোট ৩৯টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। এ কেন্দ্র থেকে এসব প্রতিষ্ঠানের ৬৪টি ধরনের সেবা পাওয়া যাবে।

বিডার লক্ষ্য ৫০টির বেশি প্রতিষ্ঠানের ১৫০টির বেশি সেবা তারা ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে দেশি-বিদেশি উদ্যোক্তা, বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের দেবে।

অনুষ্ঠানে বিডার নির্বাহী সদস্য মোহসিনা ইয়াসমিন বলেন, বিডার মূল উদ্দেশ্য দেশে একটি ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করা।

এ জন্য ব্যবসা নিবন্ধন থেকে পরিচালনা করতে যাতে কম সময় লাগে এবং কম ভোগান্তি পোহাতে হয় সেজন্য ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) দিয়ে সেবা দেওয়া হচ্ছে। তবে সেখানে সেরকম সাড়া মিলছে না।

অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলামের থাকার কথা থাকলেও তিনি অসুস্থতার কারণে থাকতে পারেননি।