২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেটে প্রণোদনার সুপারিশ সিমেন্ট শিল্প মালিকদের

করোনাভাইরাস সঙ্কটের প্রেক্ষাপটে আসন্ন ২০২০-২১ অর্থবছরের বাজেটকে সামনে রেখে কয়েক দফা প্রণোদনা চেয়েছে বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2020, 07:06 PM

Updated : 10 Oct 2022, 07:09 PM

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি তুলে ধরেন অ্যাসোসিয়েশনের সভাপতি আলমগীর কবির।

তারা ব্যাংক ঋণে সুদ সম্পূর্ণ মওকুফ করাসহ আরও কিছূ ছাড় চেয়েছেন।

আলমগীর বলেন, “করোনাভাইরাসের আক্রমণে বাংলাদেশের সিমেন্ট শিল্প এখন ঝুঁকির মুখে। দেশে নির্মাণ কাজ নেই বললেই চলে। ফলে উৎপাদন ৯০% প্রায় বন্ধ হওয়ার পর্যায়ে রয়েছে।

“অথচ শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা চালিয়ে যেতে হচ্ছে। পাশাপাশি অন্যান্য নিয়মিত খরচও প্রতিনিয়ত চালিয়ে যেতে হচ্ছে। অর্থাৎ পরিচালন খরচ কমেনি। তাছাড়া সিমেন্টের কাঁচামাল শতভাগ আমদানিনির্ভর হওয়ায় এ পর্যন্ত যত এলসি খোলা হয়েছে, সেটাও এখন আমাদের জন্য একটি বড় বোঝার কারণ হয়ে দাঁড়িয়েছে।”

কোভিড-১৯: সংকটে সিমেন্ট শিল্প, উৎপাদন ৯০% বন্ধ  

Image
আলমগীর কবির

আলমগীর কবির

তিনি বলেন, “ব্যাংক থেকে যে চলতি মূলধন নেওয়া হয়েছে তার সুদ এবং আসল চক্রবৃদ্ধি হারে বেড়ে চলেছে। প্রজেক্ট মূলধনী যন্ত্রপাতির জন্য যে ব্যাংক ঋণ রয়েছে সেইগুলোরও খরচ বৃদ্ধি পাচ্ছে। এ কারণে উৎপাদন বন্ধ থাকলেও অবচয় হিসাব বন্ধ থাকছে না।”

“তাই বর্তমান পরিস্থিতিতে আমরা সরকারের কাছে অনুরোধ করছি, সিমেন্ট শিল্পকে রক্ষা করুন। সিমেন্ট শিল্পকে বাঁচাতে সিমেন্ট উৎপাদনকারী শিল্পের জন্য গৃহীত ঋণের সুদ সম্পূর্ণরূপে মওকুফ করা দরকার,” বলেন আলমগীর।

এছাড়া আগামী ২০২০-২১ অর্থ বছরের বাজেটে সিমেন্ট উৎপাদনে ব্যবহার্য প্রধান কাঁচামালের উপর আরোপিত নির্ধারিত শুল্ক প্রতি মেট্রিক টনে ৫০০ টাকা থেকে হ্রাস করে ২০০ হতে ৩০০ টাকার মধ্যে নির্ধারণ করা এবং আমদানি স্থলে অগ্রিম আয়কর ৩ শতাংশ মওকুফ করার আবেদন জানান তিনি।