২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: সংকটে সিমেন্ট শিল্প, উৎপাদন ৯০% বন্ধ

মহামারী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলমান লকডাউনের কারণে দেশের সিমেন্ট কারখানাগুলোতে উৎপাদন ৯০ শতাংশ বন্ধ রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2020, 03:49 PM

Updated : 10 Oct 2022, 07:07 PM

কঠিন এই পরিস্থিতিতে এ শিল্পকে বাঁচাতে সরকারের সহায়তা চেয়েছে বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন –বিসিএমএ।

মঙ্গলবার বিসিএম ‘র সভাপতি এবং ক্রাউন সিমেন্টের ভাইস-চেয়ারম্যান আলমগীর কবির এক বিবৃতিতে বলেছেন, কোভিড-১৯ এর কারণে দেশের যে সব শিল্পখাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তার মধ্যে সিমেন্ট শিল্প খাত অন্যতম। সরকার ঘোষিত লকডাউন শুরু হওয়ার পর থেকে সিমেন্ট কারখানাগুলোতে ৯০ শতাংশ উৎপাদন বন্ধ রয়েছে। অথচ শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা চালিয়ে যেতে হচ্ছে।

পাশাপাপাশি অন্যান্য নিয়মিত খরচও প্রতিনিয়ত চালিয়ে যেতে হচ্ছে। অর্থাৎ পরিচালন খরচ কমেনি। তাছাড়া সিমেন্টের কাঁচামাল শতভাগ আমদানি নির্ভর হওয়ায়, এ পর্যন্ত যত এলসি খোলা হয়েছে সেটিও এখন আমাদের জন্য একটি বড় বোঝার কারণ হয়ে দাঁড়িয়েছে। ছোট-বড় সকল ধরনের নির্মাণকাজ এখন ৯০ ভাগই বন্ধ রয়েছে।

তিনি বলেন, ব্যাংক থেকে যে চলতি মূলধন নেওয়া হয়েছে তার সুদ এবং আসল চক্রবৃদ্ধি হারে বেড়ে চলেছে।প্রজেক্ট মূলধনী যন্ত্রপাতির জন্য যে ব্যাংক ঋণ রয়েছে সেইগুলোরও খরচ বৃদ্ধি পাচ্ছে। এ কারণে উৎপাদন বন্ধ থাকলেও অবচয় হিসাব বন্ধ থাকছে না।

অন্যদিকে কাঁচামাল বহনকারী নৌ-জাহাজ একটি নির্ধারিত সময় অর্থাৎ গন্তব্যে আসার চার দিনের মধ্যে খালি বা আনলোড করতে হবে। তানাহলে উচ্চহারে বিলম্ব জনিত জরিমানা বা মাশুল দিতে হবে। সমুদ্রগামী জাহাজের ক্ষেত্রে আন্তর্জাতিক নৌ আইন অনুযায়ী জাহাজগুলোকেও বিলম্ব জনিত মোটা অংকের মাশুল দিতে হবে। আর তা দিতে হবে বৈদেশিক মুদ্রায়। এখন এগুলো ঝুলে থাকার মতো অবস্থা তৈরি হয়েছে; কিছুই করা যাচ্ছে না।

“সরকার যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে তাতে আপনাদের এই খাতটি রয়েছে। কিন্তু এতে বরং ঋণের বোঝা আরও বেড়ে যাবে। এখানে আমার একটি ব্যাক্তিগত মতামত আছে, আর তা হলো এত টাকা অতিরিক্ত ঋণ ব্যাংকগুলো কোনভাবেই দিতে পারবে না। তার কারণ ব্যাংকের যে আমানতের সক্ষমতা রয়েছে তা কমে যাচ্ছে।”

“সেক্ষেত্রে তারল্য সংকট অবশ্যই তৈরি হবে। আমরা আরও আভাস পাচ্ছি যে, জিডিপি কমে যাবে, রাজস্ব আহরণ কমে যাবে। ফলে বড় ধরনের রাজস্ব ঘাটতি দেখা দেবে। তাছাড়া রেমিটেন্স যেখান থেকে আসে সেই দেশগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় স্বাভাবিকভাবেই এই উৎসে ভাটা পড়বে।

আর গার্মেন্টস সেক্টর যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে তা আমাদের আর বুঝতে বাকি নেই এবং সেটা আমরা সবাই অনুধাবন করতে পারছি। ফলে বৈদেশিক মুদ্রার বড় অংশ কমে যেতে পারে। এমতাবস্থায়, ছোট-বড় সরকারি-বেসরকারি সকল প্রকল্প স্থগিত অথবা বিলম্বিত হবে। আর সে কারণে নির্মাণের অন্যতম উপাদান সিমেন্টের ব্যবহার অনেক কমে যাবে সাথে সাথে উৎপাদনও কমে যাবে।”

আলমগীর কবির বলেন, সিমেন্ট হলো উন্নয়নের প্রতীক। কোন দেশের উন্নয়ন কেমন হচ্ছে তা ওই দেশের মাথাপিছু সিমেন্টের ব্যবহার দেখলেই বুঝা যায়। এই শিল্পের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে লাখ লাখ নির্মাণ শ্রমিক, কর্মচারি ও কর্মকর্তা জড়িত।

“যদি এই শিল্প-কারখানাগুলো চালু রাখা না যায় তাহলে এরা সবাই বেকার হয়ে যাবার আশঙ্কা রয়েছে। পাশাপাশি সরকার এ খাত থেকে যে বিপুল পরিমাণ রাজস্ব পেয়ে থাকে সেটিও ব্যাহত হবে।

“তাই বর্তমান পরিস্থিতিতে আমি সরকারের কাছে অনুরোধ করছি, সিমেন্ট শিল্পকে রক্ষা করুন। এই শিল্পের কাঁচামালের আমদানি শুল্ক ও অগ্রিম আয়কর (চূড়ান্ত দায়) কমানোর অনুরোধ করছি।

“একইসঙ্গে গ্যাস-বিদ্যুৎ বিলসহ অন্যান্য কর জুলাই থেকে ডিসেম্বর সময়ের মধ্যে পর্যায়ক্রমে পরিশোধের সুযোগ তৈরি করে দেওয়ার অনুরোধ করছি। তাহলে শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করা সম্ভব হবে।”