২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানুষের জীবন না থাকলে ‘অর্থনৈতিক কর্মকাণ্ডের কোনো মূল্য নেই’

নভেল করোনাভাইরাসের এই সংকটকালে স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি ভর্তুকি ও নজর দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2020, 06:58 PM

Updated : 18 Aug 2022, 02:51 PM

সোমবার এক ভার্চুয়াল ব্রিফিংয়ে সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন এ আহ্বান জানান।

তিনি বলেন, “আমাদের সবচেয়ে অগ্রাধিকার দিতে হবে মানুষের জীবনকে। কারণ মানুষের জীবন না থাকলে অর্থনৈতিক কর্মকাণ্ডেরও কোনো মূল্য নেই। তাই স্বাস্থ্য খাতকে খুবই জরুরিভাবে এবং গুরুত্ব দিয়ে এগোতে হবে। এজন্য ওষুধের প্রাপ্যতা, সরবরাহ এবং যারা অসুস্থ হচ্ছেন তাদের পরীক্ষা করা এবং ওষুধসহ যা প্রয়োজন সব কিছুই করতে হবে।”

‘কোভিড-১৯: সরকার গৃহীত পদক্ষেপসমূহের কার্যকারিতা এবং প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য ও আয় নিরাপত্তা’ শীর্ষক মূল প্রবন্ধে করোনাভাইরাস প্রাদুর্ভাবের ধাক্কা সামালে সরকারের প্রণোদনা প্যাকেজ ঘোষণাসহ অন্যান্য পদক্ষেপ নিয়ে আলোচনা ও প্রস্তাবনা তুলে ধরেন ফাহমিদা খাতুন। এ সময় সিপিডির সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান, জ্যেষ্ঠ গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম এবং গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

প্রাদুর্ভাবে দেশের ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) শিল্পের উদ্যোক্তাদের জন্য ৫ শতাংশ সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা করার প্রস্তাব দিয়েছে সিপিডি।

মূল প্রবন্ধে ফাহমিদা খাতুন বলেন, “এপ্রিল মাস থেকে ব্যাংক ঋণের সুদ হার ৯ শতাংশে কমিয়ে আনলেও ক্ষতিগ্রস্ত এসএমই উদ্যোক্তাদের জন্য এই পরিস্থিতিতে ৫ শতাংশে ব্যাংক ঋণ দেওয়া উচিত বলে আমাদের মনে হয়।”

কোভিড-১৯ এর অর্থনৈতিক ক্ষতি মোকাবেলায় ইতোমধ্যে ৭২ হাজার ৫৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণার জন্য সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এর আগে সরকার রপ্তানি শিল্পের জন্য যে পাঁচ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে তাও ‘অনেক গুরুত্বপূর্ণ’।

“তবে তা স্বচ্ছতার সঙ্গে ব্যবহার এবং বণ্টন ব্যবস্থাও অনেক গুরুত্বপূর্ণ। কারণ যথাযথ লোকের এই প্রণোদনা  পাওয়া নিশ্চিত করতে হবে। যারা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে তারাই যেন এই প্রণোদনা পায় সেটা নিশ্চিত করতে হবে।”

এ বছরের বাজেট ঘাটতি জিডিপির ৫ দশমিক ৫ শতাংশ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে সিপিডির নির্বাহী পরিচালক বলেন, “সংকট মোকাবেলায় অন্তর্ভুক্তিমূলকভাবে অর্থের যথাযথ ব্যবহার করা যায় অর্থাৎ যাদের প্রয়োজন নাই তাদের দিয়ে যেন সুযোগটা নষ্ট না করে। আবার যাদের প্রয়োজন তারা যেন অর্থ না পেয়ে ফেরত না যেতে হয়।”

প্রণোদনার অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, “এক্ষেত্রে যারা আদায় করতে সক্ষম (যাদের ভয়েস অনেক শক্তিশালী), দর কষাকষি করতে পারেন তারাই সরকারের কাছ থেকে বিভিন্ন ধরনের সহায়তা ভর্তুকি ও প্রণোদনা পাচ্ছেন। অনেক সময় যা দেওয়ার প্রয়োজন পড়ে না।”

ভর্তুকি পুনর্বিন্যাস করার পরামর্শ দিয়ে ফাহমিদা খাতুন বলেন, “বড় বড় খাতগুলোতে না দিয়ে ছোট খাতগুলোতে যারা অধিক ক্ষতিগ্রস্ত হবে তাদেরকে যেন দেওয়া যায় সেভাবে পুনর্বিন্যাস করার প্রয়োজন পড়বে এখন।”

উৎপাদন খাত, কৃষি খাত, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত এবং যারা নতুন করে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ভর্তুকির আওতায় আনার পরামর্শ দেন তিনি।

ফাহমিদা খাতুন বলেন, “সরাসরি ভর্তুকি বা প্রণোদনা দেওয়ার বদলে রাজস্ব বা মুদ্রানীতির মাধ্যমেই সেগুলোকে ঠিক করা যায়। সেক্ষেত্রে আমাদের ভর্তুকি দেওয়ার ক্ষেত্রে চিন্তা ভাবনা করতে হবে কীভাবে কমাতে পারি। এই রকম সময়ে আমাদের আরও বেশি করে ভাববার সময় এসেছে।”

সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের ঋণ শ্রেণিকরণ মেয়াদ ছয় মাস বাড়ানোর ঘোষণা নিয়ে সিপিডির নির্বাহী পরিচালক বলেন, “যারা সুযোগ নিতে চায় তাদের মনিটর করতে হবে। কারণ ব্যাংকিং খাত এমনিতেই দুর্বল অবস্থায় রয়েছে। এমন পরিস্থিতিতে ঢালাওভাবে না করে টার্গেটভিত্তিক একটা সম্প্রসারণমূলক মুদ্রানীতি নিয়ে খাত ও সমস্যাভিত্তিক সহযোগিতা করা উচিত।”

এই সংকটের সময়ে ‘অত্যন্ত প্রয়োজনীয় পণ্য’ আমদানির ক্ষেত্রে কিছুটা শুল্ক ছাড়ের পরামর্শও দেন তিনি।

আমদানির ওপর এলসির মেয়াদ তিন থেকে বাড়িয়ে ছয় মাস করা এবং রপ্তানি উন্নয়ন তহবিল থেকে এলসির বিল পরিশোধ করা যায় কি না তা বিবেচনার আহ্বান জানান সিপিডির নির্বাহী পরিচালক।

অনুষ্ঠানে সিপিডির সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান এক প্রশ্নের জবাবে বলেন, “বাংলাদেশের অর্থনীতি  ধারাবাহিকভাবে ভালো করলেও ধাক্কা সামলানোর দুর্বলতার কথাগুলোই আমরা তুলে ধরেছি।”

প্রশ্নের জবাবে খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, “এই বছর সরকারের কাছে গত বছরের তুলনায় প্রায় দেড় লাখ টন চাল বেশি মজুদ রয়েছে। এবার প্রায় সাড়ে ১৭ লাখ টন চাল মজুদ আছে।”

এ পরিস্থিতিতে ঝুঁকিতে থাকা দরিদ্র মানুষগুলোকে সম্পূর্ণভাবে রেশনিংয়ের আওতায় আনার পরামর্শ দেন তিনি।