২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষকদের সুদহীন ঋণ দেওয়ার সুপারিশ সানেমের

নভেল করোনাভাইরাসের ক্ষতি পুষিয়ে দিতে সরকার কৃষকদের জন্য ৫ হাজার কোটি টাকার যে প্রণোদনা তহবিলের ঘোষণা দিয়েছে তার সুদের হার শুণ্যে নামিয়ে আনার পরামর্শ দিয়েছে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং-সানেম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2020, 10:08 PM

Updated : 08 Apr 2022, 12:36 AM

গবেষণা প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক সেলিম রায়হান সন্ধ্যায় এক বিবৃতিতে বলেছেন, কৃষকদের জন্য সরকারের ৫ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণাকে আমরা স্বাগত জানাই। এই প্রণোদনাকে কার্যকরী করার জন্য তিনটি পদক্ষেপ নেয়া প্রয়োজন-

>> ৫ শতাংশ সুদের বিষয়টি দ্বিতীয় বার ভেবে দেখতে সরকারকে অনুরোধ করছি। এই বিশেষ সংকটের সময়ে সানেমের সুপারিশ হচ্ছে সুদহীন ঋণের। মনে রাখা প্রয়োজন, সামনের দিনে ব্যাপক জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হবে এক বড় চ্যালেঞ্জ। এজন্য কৃষি খাতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং কৃষি উৎপাদন যাতে ব্যাহত না হয় তার জন্য সর্বত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।  

>> যেহেতু কৃষি উপকরণের বাজারের অভ্যন্তরীণ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে, কৃষকদের শুধু ঋণ দিয়ে কৃষি খাতের বর্তমান সংকটের সমাধান করা যাবেনা। এর জন্য প্রয়োজন, কিভাবে এই অচলাবস্থার মধ্যেও স্বাস্থ্যগত বিধি মেনে মাঠ পর্যায়ে কৃষি উপকরণের সরবরাহ সচল রাখা যায় সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া। এক্ষেত্রে কৃষি মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, পরিবহন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যৌথ ভাবে কাজ করতে হবে স্থানীয় প্রশাসন এবং ব্যবসায়ীদের সাথে।  

>> আশু এক সংকট হলো বোরো ধানের উৎপাদন নিয়ে। কৃষি শ্রমিকরা, যারা উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে সারাদেশে বোরো ধান আবাদের সময়ে কাজ করতে যান, তারা এই অচলাবস্থার মধ্যে যাতায়াত করতে পারছেন না। এ কারনে দেশের বিভিন্ন স্থানে কৃষি শ্রমিকের চরম সংকট দেখা দিচ্ছে।  একই রকম সংকট দেখা যাচ্ছে গ্রীষ্মকালীন ফলের চাষের ক্ষেত্রেও। এক্ষেত্রেও স্থানীয় প্রশাসনের সাথে কৃষি, স্বাস্থ্য, পরিবহন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যৌথভাবে কাজ করতে হবে কৃষি শ্রমিকদের স্বাস্থ্যগত বিধি মেনে নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য।   

রোববার সকালে করোনাভাইরাসের অভিঘাতে অর্থনীতির ক্ষতির মধ্যেও কৃষি উৎপাদন অব্যাহত রাখতে গ্রামের ক্ষুদ্র ও মাঝারি চাষিদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল করার ঘোষণা দিয়েছেন।

কেবল গ্রাম অঞ্চলের ক্ষুদ্র ও মাঝরি চাষিরাই এ তহবিল থেকে সর্বোচ্চ ৫ শতাংশ সুদে ঋণ পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।