বিশ্ব ব্যাংকের ঋণে ঢাকার পাশে হবে চারটি উপশহর
রাজধানী ঢাকার পাশেই হবে চারটি উপশহর।
ঢাকাবাসীর জন্য স্বস্থির পরিবেশ তৈরী করতে উপশহর চারটি গড়ে তুলতে একটি প্রকল্পে ৮৫০ কোটি টাকা দিচ্ছে বিশ্ব ব্যাংক।
বুধবার বাংলাদেশ সরকারের সঙ্গে এ বিষেয়ে একটি চুক্তি করেছে সংস্থাটি।
প্রকল্পের আওতায় রাজধানী ঢাকার পাশের চারটি এলাকায় উপশহর গড়তে বিশ্ব ব্যাংক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে ১০ কোটি ৫ লাখ ডলার (৮৫০ কোটি টাকা) দেবে। রাজধানীর কামরাঙ্গীরচর, লালবাগ, সূত্রাপুর-নয়াবাজার-গুলিস্তান, খিলগাঁও-মুগদা-বাসাবোতে উপশহর চারটি গড়ে তোলা হবে।
রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে চুক্তি সই হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি)অতিরিক্ত সচিব জাহিদুল হক ও বিশ্বব্যাংকের পক্ষে ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি জাহিদ হোসেন নিজ নিজ সংস্থার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সমিতির (আইডএ) আওতায় আগামী ৩০ বছরের মেয়াদে শতকরা শূন্য দশমিক ৭৫ শতাংশ সার্ভিস চার্জে ও ১ দশমিক ২৫ শতাংশ সুদে এই ঋণ দেবে বিশ্ব ব্যাংক।
‘ঢাকা সিটি নেইবারহোড আপগ্রেডিং প্রজেক্ট’ শীর্ষক এই প্রকল্পের অধীনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে উম্মুক্ত স্থান বৃদ্ধি করা, নগরবাসীর জীবনমান বৃদ্ধি করে আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন এ প্রকল্পের অন্যতম প্রধান উদ্দেশ্য বলে অনুষ্ঠানে জানানো হয়।
জাহিদ হোসেন বলেন, “বাংলাদেশের মোট উৎপাদনশীলতার দিক দিয়েই ঢাকা অনেক গুরুত্বপূর্ণ। এ প্রকল্পের মা্ধ্যমে বিশেষ করে সমন্বিত সড়ক নেটওয়ার্ক তৈরীর পাশাপাশি খেলাধুলার মাঠ ও খালী জায়গা তৈরী করে সাধারণ মানুষের জন্য স্বস্থির পরিবেশ তৈরী এ প্রকল্পের প্রধান উদ্দেশ্য।”
