জলবায়ু পরিবর্তনে বাধাগ্রস্ত বাংলাদেশের উন্নয়ন: অর্থমন্ত্রী
জলবায়ু পরিবর্তন রোধে অবিলম্বে সমন্বিত পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
গত সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ইকোসকের ফিন্যান্সিং ফর ডেভলপমেন্ট (এফএফডি) ফোরামে বক্তব্যে এ আহ্বান জানান অর্থমন্ত্রী।
তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের কোনো ভূমিকা না থাকলেও বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের শিকার, যা এর উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাপকভাবে বাধাগ্রস্ত করছে।”
এছাড়া স্বল্পোন্নত দেশগুলোর টেকসই উত্তরণ নিশ্চিত করতে প্রাথমিক পর্যায়ে নীতিগত বিষয়গুলো পুনঃবিবেচনা করে সহযোগিতার পদক্ষেপগুলো অবারিত রাখারও আহ্বান জানান মুস্তফা কামাল।
নিউ ইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনডিপি প্রশাসকের সঙ্গে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
মিয়ানমার থেকে বাস্ত্যুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশের উন্নয়ন পদক্ষেপে নেতিবাচক প্রভাব সৃষ্টি করছে উল্লেখ করে অর্থমন্ত্রী তাদের টেকসই প্রত্যাবাসন এবং এই সমস্যার স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে ফলপ্রসূ ভূমিকা রাখার আহ্বান জানান।
জাতিসংঘ মহাসচিব, সাধারণ পরিষদের সভাপতি, সদস্য দেশসমূহ থেকে আসা মন্ত্রীসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি, বিশ্ব ব্যাংকের নির্বাহী পরিচালক, জাতিসংঘ ও এর সহযোগী সংস্থাগুলোর কর্মকতারা, অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, সংশ্লিষ্ট অংশীজন, নাগরিক ও ব্যবসায়ী প্রতিনিধিরা এফএফডির সভায় অংশ নেন।
অর্থমন্ত্রী মুস্তফা কামাল ইউএনডিপির প্রশাসক আসিম স্টেইনার এবং গ্রিন ক্লাইমেট ফান্ডের নির্বাহী পরিচালক ইয়ানিক গ্লেমারেকের সাথেও বৈঠক করেন।
এফএফডি ফেরাম ১৮ এপ্রিল শেষ হবে।
