২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ মাসে এডিপির ২০% বাস্তবায়ন

চলতি অর্থবছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত পাঁচ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ৩৬ হাজার ৪৩৮ কোটি টাকার কার্যক্রম বাস্তবায়িত হয়েছে, যা অর্থবছরের মোট বরাদ্দের ২০ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2018, 08:18 PM

Updated : 19 Aug 2022, 03:00 PM

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরীবিক্ষণ ও মুল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ প্রতিবেদনের এ তথ্য রোববার সাংবাদিকদের সামনে তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, “চলতি ২০১৮-১৯ অর্থবছরে প্রথম পাঁচ মাসে এ যাবতকালের সবচেয়ে বেশি অর্থ ব্যয় হয়েছে।”

তিনি বলেন, গত অর্থবছরের নভেম্বর পর্যন্ত সময়ে এডিপির ২০ শতাংশ অর্থ ব্যয় হলেও ব্যয় হয়েছিল ৩২ হাজার ৯৯৭ কোটি টাকা।

সে হিসাবে চলতি অর্থবছরের পাঁচ মাসে গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা বেশি অর্থ ব্যয় হয়েছে।

এর আগে ২০১৬-১৭ অর্থবছরের প্রথম পাঁচ মাসে এডিপির ২৩ হাজার ৫৯৪ কোটি টাকা ব্যয় হয়েছিল, যা মোট বরাদ্দের ১৯ শতাংশ।

আর ২০১৭-১৮ অর্থবছরের পুরো ১২ মাসে সংশোধিত এডিপির প্রায় ৯৪ শতাংশ বাস্তবায়িত হয়েছিল।

চলতি অর্থবছরের জন্য প্রায় এক লাখ ৮১ হাজার কোটি টাকার এডিপি গ্রহণ করা হয়েছে। গত অর্থবছর এডিপির আকার ছিল ১ লাখ ৬৪ হাজার কোটি টাকার। অর্থাৎ এবার গতবারের চেয়ে প্রায় ১৭ হাজার কোটি টাকার বেশি অর্থ ব্যয় করার লক্ষ্য রয়েছে সরকারের।

মন্ত্রী বলেন, “নির্বাচনের বছর হওয়ায় এবার মন্ত্রণালয় ও বিভাগগুলোকে বেশি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে, যাতে কোনো প্রকল্পে অর্থ ব্যয় করা সম্ভব না হলে অন্য প্রকল্পে বেশি ব্যয় করে তা পুষিয়ে নিতে পারে। এ কারণে চলতি বছরের এডিপিতে বেশি অর্থ ব্যয় হয়েছে।”

তিনি বলেন, “আমাদের অর্থনীতি আগের চেয়ে বেশি শক্তিশালী। প্রকল্প বাস্তবায়নের বৈদেশিক ঋণ নির্ভরতা কমেছে। এ কারণে প্রকল্প বাস্তবায়নে উন্নয়ন সহযোগীদের দিকে তাকিয়ে থাকতে হয় না।”