শতভাগ বিদ্যুতের আওতায় আরও ১০২ উপজেলা
দ্বিতীয় মেয়াদের শেষ প্রান্তে এসে আরও ১০২টি উপজেলাকে শতভাগ বিদ্যুৎ সুবিধার অন্তর্ভুক্ত করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব উপজেলাগুলোকে শতভাগ বিদ্যুৎ সুবিধাপ্রাপ্ত হিসেবে ঘোষণা করবেন। একই দিন নতুন সাতটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উদ্বোধন এবং বিদ্যুৎ বিভাগের দুইটি স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
বুধবার বিদ্যুৎ ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক ই এলাহী চৌধুরী, বিদ্যুৎ সচিব আহমেদ কায়কাউস, জ্বালানি সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম, পিডিবির চেয়ারম্যান খালেদ মাহমুদ, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মঈন উদ্দিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিদ্যুৎ সচিব আহমেদ কায়কাউস বলেন, “এর আগে ৮০টি উপজেলাকে শতভাগ বিদ্যুৎ সুবিধার আওতাভুক্ত ঘোষণা করা হয়েছিল। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও ১০২টি উপজেলাকে শতভাগ বিদ্যুৎ সুবিধার আওতায় ঘোষণা করবেন। ৪ নভেম্বর আরও চারটি উপজেলায় শতভাগ বিদ্যুৎ সংযোগ নিশ্চিত হবে। সব মিলিয়ে ৩৮ শতাংশ উপজেলা বিদ্যুৎ সুবিধার আওতায় এলো।”
অনুষ্ঠানে বিগত ১০ বছরে জ্বালানি ও বিদ্যুৎখাতের অর্জনগুলো তুলে ধরে বিদ্যুৎপ্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, “আমরা মেয়াদের শেষ প্রান্তে এসে গেছি, কিছুদিনের মধ্যে তফসিল ঘোষণা হবে, আমরা নির্বাচনের দিকে যাচ্ছি।
“আমাদের ভিশন ছিল ২০২১ সালের মধ্যে শতভাগ বিদ্যুতের আওতায় দেশকে নিয়ে যাওয়া। কিন্তু আমরা তার অনেক আগেই সেই লক্ষ্যে পৌঁছে যাচ্ছি। ১ নভেম্বর ১০২টি এবং ২ নভেম্বর আরও চারটি উপজেলা শতভাগ বিদ্যুতের আওতায় যাবে। আরও ৫৪টি উপজেলা অপেক্ষমাণ আছে, যেগুলোকে শতভাগ বিদ্যুতের আওতাভুক্ত ঘোষণা করা সময়ের ব্যাপার। সর্বমোট এই ডিসেম্বরের মধ্যে প্রায় ৩১৫টি উপজেলা বিদ্যুৎ সুবিধার আওতায় আসবে।”
আর যেসব উপজেলা বাকি থাকবে তারও প্রায় ৮০ শতাংশ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০০৯ সালে সরকার ক্ষমতা গ্রহণের সময় বিদ্যুতের প্রকৃত উৎপাদন ছিল তিন হাজার ২৬৮ মেগাওয়াট। বিগত ১০ বছরে বিদ্যুতের উৎপাদনক্ষমতা চার গুণের বেশি বেড়ে বর্তমানে ২০ হাজার ৪৩০ মেগাওয়াট হয়েছে। ২০০৯ সালের আগে দেশে বিদ্যুৎ সুবিধাপ্রাপ্ত জনগোষ্ঠীর ছিল ৪৭ শতাংশ, যা বর্তমানে বেড়ে হয়েছে ৯২ শতাংশ। বিগত ১০ বছরে দুই কোটি তিন লাখ নতুন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।
বর্তমানে ১৩ হাজার ৬৫৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৫৫টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণাধীন আছে, এছাড়া ২৩টি বিদ্যুৎকেন্দ্রের দরপত্র প্রক্রিয়াধীন রয়েছে, যেগুলোর মোট ক্ষমতা প্রায় ৭ হাজার ৪৬১ মেগাওয়াট।
ভারত থেকে আসছে ১১৬০ মেগাওয়াট বিদ্যুৎ। ভারত থেকে আমদানি পর্যায়ে রয়েছে আরও ১৮৩৬ মেগাওয়াট।
নতুন ৭ বিদ্যুৎকেন্দ্র
বড়পুকুরিয়া ২৭৫ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র, ব্রাহ্মণগাঁও ১০০ মেগাওয়াট এইচএসডিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, আওরাহাটি ১০০ মেগাওয়াট এইচএসডিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, কড্ডা ১৪৯ মেগাওয়াট এইচএফওভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, পানগাঁও ৩০০ মেগাওয়াট এইচএসডিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, সিরাজগঞ্জ ১৪১ মেগাওয়াট ডুয়েল ফুয়েল কম্বাইন সাইকেল বিদ্যুৎকেন্দ্র এবং টেকনাফ ২০ মেগাওয়াট সোলার বিদ্যুৎকেন্দ্র বৃহস্পতিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
শতভাগ বিদ্যুৎ সুবিধা পাওয়া ১০২ উপজেলা
নবাবগঞ্জ, দোহার, কাশিয়ানী, মুকসুদপুর, গোপালগঞ্জ সদর, মিঠামইন, তাড়াইল, ইটনা, হোসেনপুর, কিশোরগঞ্জ সদর, বাজিতপুর, শ্রীমঙ্গল, নাটোর সদর, নলডাঙ্গা, গুরুদাসপুর, পুঠিয়া, চারঘাটা, বাঘা, তানোর, চিতলমারী, চৌগাছা, ঝিকরগাছা, কেশবপুর, জীবননগর, দামুড়হুদা, পিরোজপুর সদর, হরিরামপুর, সাটুরিয়া, ঘিওর, আত্রাই, মহাদেবপুর, রাণীনগর, নিয়ামতপুর, ঝালকাঠি সদর, রাজাপুর, পাবনা সদর, বিশ্বনাথ, গোপালগঞ্জ, জৈন্তাপুর, বালাগঞ্জ, ডুমুরিয়া, ফেনী সদর, কুষ্টিয়া সদর, কুমারখালী, ফুলবাড়ি, কাহারোল, রামগঞ্জ, রাঙ্গুনিয়া, চন্দনাইশ, সাতকানিয়া, আনোয়ারা, বিজয়নগর, কসবা, বাঞ্ছারামপুর, চান্দিনা, ব্রাহ্মণপাড়া, লালমাই, তিতাস, মেঘনা, হোমনা, দাউদকান্দি, লাঙ্গলকোট, বুড়িচং, লাকসাম,-চৌদ্দগ্রাম, চাটখিল, সোনাইমুড়ী, দক্ষিণ সুনামগঞ্জ, তারাগঞ্জ, রংপুর সদর, তালা, কক্সবাজার সদর, টেকনাফ, গাংনী, দৌলতখান, তজুমুদ্দিন, সিরাজগঞ্জ সদর, রায়গঞ্জ, তাড়াশ, চৌহালি, মাদারীপুর সদর, নীলফামারী সদর, কালিগঞ্জ, কালিয়াকৈর, শরীয়তপুর সদর, ডামুড্যা, চাঁদপুর সদর, শাহরাস্তি, হাজিগঞ্জ, হাইমচর, সোনারগাঁও, নন্দিগ্রাম, সোনাতলা, দুপচাঁচিয়া, বগুড়া সদর, কাহালু, আদমদীঘি, শাহাজানপুর, চরভদ্রাসন, আলফাডাঙ্গা, মাগুরা সদর ও শ্রীপুর।
