২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় উন্নয়ন মেলায় ৩৩০টি স্টল

‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ স্লোগান নিয়ে ঢাকার শেরে বাংলা নগরের মেলা প্রাঙ্গণে চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2018, 10:01 PM

Updated : 11 Oct 2022, 12:40 PM

এবারের উন্নয়ন মেলায় মন্ত্রণালয়, বিভাগ এবং সংস্থার ৩৩০টি স্টল সাজিয়ে নাগরিকদের নানারকম সেবা দিচ্ছে। আবার মেলায় সেবা নিতে আগ্রহী দর্শনার্থীরাও সরকারের পক্ষ থেকে কম সময়ে এসব সেবা পেয়ে খুশির কথা জানিয়েছে।

এবারের মেলায় শিক্ষা মন্ত্রণালয় ২০টি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ১৯টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১৬টি, কৃষি মন্ত্রণালয় ১৪টি, স্বাস্থ্য মন্ত্রণালয় ১০টি এবং সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ ৯টি, বিআরটিএ ৪টি স্টল সাজিয়ে তাদের কর্মকান্ড প্রদর্শন এবং দর্শনার্থীদের সেবা দিচ্ছে।

এছাড়াও সমাজ সেবা অধিদপ্তর, বাংলাদেশ জুটমিল কর্পোরেশন, বিনিয়োগ বোর্ড, ঢাকা ওয়াসা এবং নির্বাচন  কমিশনসহ আরও অনেক মন্ত্রণালয় বিভাগ মেলায় অংশ নিয়ে তাদের সেবা ও সরকারের নানা উন্নয়ন দর্শনার্থীদের প্রদর্শন করছেন।

তিন দিনের মেলায় বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থার নিকট থেকে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে সেবা পাওয়া যাচ্ছে।

মেলায় অংশ নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) মেলায় মটর সাইকেলের রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স সেবা দিচ্ছে।

মেলায় সেবা নিতে আসা ইমরান হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অল্প সময়ে ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য আমি এই উন্নয়ন মেলায় এসেছি। এখানে এসে দ্রুত সময়ের মধ্যে সেবা পেয়ে আমি খুব খুশি। বিআরটিএ তে এভাবে দ্রুত সময়ে ও ঝামেলামুক্ত উপায়ে সেবা দিলে দেশের মানুষ উপকৃত হত।”

জানতে চাইলে বিআরটিএ‘র জ্যেষ্ঠ কম্পিউটার অপারেটর আনোয়ার পারভেজ বলেন, “বর্তমানে বিআরটিএর সেবা কত সহজ ও কম সময়ে হয় তা জানানোর জন্যই আমরা মেলায় অংশ নিয়েছি।”

তবে মেলায় শুধু মোটর সাইকেলের রেজিষ্ট্রেশন ও লাইসেন্স দেওয়া হচ্ছে। অন্যান্য গাড়ির সেবা মেলায় দেওয়া হচ্ছে না। মোটর সাইকেলের সেবা সকাল ১০ থেকে ১টা পর্যন্ত দেওয়া হচ্ছে। আর সকাল ৯টা থেকে রাত ৯টা পর্য়ন্ত সংশ্লিষ্ট অন্যান্য সেবা দেওয়া হচ্ছে।

মেলায় ঢাকা ওয়াসা অংশ নিয়ে ‘ওয়াটার এটিএম’ এবং ‘ওয়াটার স্মার্ট মিটার’ দর্শনার্থীদের প্রদর্শন করছেন। ওয়াসার মেলা প্রতিনিধিরা জানান, বর্তমানে ঢাকার বেশ কিছু এলাকায় ওয়াটার স্মার্ট মিটার স্থাপন করা হয়েছে। অদূর ভবিষ্যতে রাজধানীর সব জায়গায় এ মিটার স্থাপন করা হবে। আবার ওয়াটার এটিএম চলবে একটি প্রি-পেইড কার্ডের মাধ্যমে। এসব মিটার কীভাবে পরিচালনা করতে হবে তা দর্শনার্থীদের মধ্যে প্রদর্শন করা হচ্ছে।

মেলায় কয়েকটি স্টল নিয়ে প্রদর্শনীতে বসেছে অর্থ বিভাগও। জানতে চাইলে ডিভিশনাল কম্পট্রোলার অব একাউন্ট কেএম সিরাজুল মুনির জানান, তারা মেলায় জনগণকে প্রভিডেন্ট ফান্ড, বেতন বিবরণী, আয়কর বিবরণী এবং পেনশনের তথ্য অনলাইনে কিভাবে পাবেন সে বিষয়ে দর্শনার্থীদের জানান।

মেলায় সমাজ কল্যাণ মন্ত্রণালয় দুটি স্টল নিয়ে আগ্রহীদের সেবা দিচ্ছেন। এ মন্ত্রণালয়ের কর্মকর্তা রুহুল আমিন বশির জানান, তারা বেশ কয়েকটি সেবা দিচ্ছে সেগুলো হচ্ছে- প্রতিবন্ধীকে পরিচয়পত্র করে দেওয়া। এছাড়াও কারও ক্যান্সার, কিডনি নষ্ট, লিভার সিরোসিসের মতো রোগ হলে তাকে সরকারের পক্ষ থেকে ৫০ হাজার টাকা চিকিৎসা তহবিল পেতে সহযোগিতা করছেন।

মেলায় নির্বাচন কমিশনও দুটি স্টল নিয়ে বসে ইভিএম মেশিন ভীতি দুর করতে সহযোগিতা করছেন। মতিঝিল থানা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর মো. ওয়াজেদ মিয়া জানান, নির্বাচন কমিশন কয়েকটি সেবা দিতে এ মেলায় অংশ নিয়ে।

তিনি বলেন, এর একটি হচ্ছে ইভিএম সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরী করা। ইভিএম এ কীভাবে ভোট দিতে হবে তা দর্শকদের মাঝে মেলায় প্রদর্শ করা হচ্ছে। আবার কারও ন্যাশনাল আইডি কার্ড হারিয়ে গেলে তাকে সহয়োগিতা করা এবং স্মার্ট নেওয়ার জন্য আঙ্গুল ও চোখের ছাপ নিয়ে দর্শনার্থীদের সহযোগিতা করছেন।