২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্থিক খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিআইবিএম গ্রাজুয়েটরা: গভর্নর

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মাস্টার্স প্রোগ্রামকে ব্যাংকিং খাতের ‘মাইলস্টোন’ বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2018, 08:34 PM

Updated : 19 Aug 2022, 01:29 PM

তিনি বলেন, “এখানকার এমবিএম গ্রাজুয়েটরা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ব্যাংকিং খাতের এসব কর্মীদের ব্যবহারিক ও তাত্ত্বিক জ্ঞান পুরো আর্থিক এবং ব্যাংকিং খাতকে এগিয়ে নিতে সাহায্য করছে।”

শুক্রবার ‘এমবিএম নাইট-২০১৮’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) চেয়ারম্যান এবং ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান, ইউনাইটেড কমার্স ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এ ই আব্দুল মোহাইমেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

গভর্নর বলেন, “১৯৯৭ সালে আর্থিক খাতের সংস্কার কর্মসূচির (এফএসআরপি) এক সুপারিশের আলোকে এমবিএম চালু করে বিআইবিএম। এরই মধ্যে এক হাজার ৩০০ গ্রাজুয়েট এমবিএম প্রোগ্রাম শেষ করে ব্যাংক ও আর্থিক খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতিবছর বাংলাদেশ ব্যাংকের একটি বড় সংখ্যক কর্মকর্তা এমবিএম প্রোগ্রামে ভর্তি হচ্ছে।”

তিনি আরও বলেন, “বর্তমানে জ্ঞানভিত্তিক পেশার কোনো বিকল্প নেই। এদিক বিবেচনায় ব্যাংকিং খাতের জন্য এমবিএম কর্মসূচী খুবই গুরুত্বপূর্ণ।”

বিআইবিএমের মহাপরিচালক তৌফিক আহমদ চৌধুরী বলেন, “একজন শিক্ষার্থী এমবিএমে ভর্তি হলে নিবিড় পরিচর্যার মাধ্যমে তাকে সুযোগ্য ব্যাংকার হিসেবে গড়ে তোলা হয়। এ কারণে হাই কোয়ালিটির এসব মেধাবী শিক্ষার্থীরা বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চাকরিতে সব সময় অগ্রাধিকার পায়।”

এবিবি চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ব্যাংকারদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নৈতিক মানদণ্ড বজায় রাখা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংক ব্যাংকারদের জন্য একটি ব্যাংকিং আচারণবিধি প্রণয়ন করেছে। ব্যাংকগুলো এটা মেনে চলার চেষ্টা করছে।

“আমাদের সবার উচিত হবে এটা পরিপালন করা, যাতে ব্যাংকের চাকরিটা একটা সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত হয়।”

অনুষ্ঠানে এমবিএম অ্যালামনাই সোসাইটির সভাপতি এস এম ওয়ালি উল মোর্শেদও বক্তব্য দেন।