বেজার চূড়ান্ত লাইসেন্স পেল সিটি ইকোনমিক জোন
দেশের ষষ্ঠ বেসরকারি অর্থনৈতিক অঞ্চল হিসেবে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ- বেজার চূড়ান্ত লাইসেন্স পেয়েছে সিটি ইকোনমিক জোন।
মঙ্গলবার কারওয়ান বাজারে বেজা কার্যালয়ে সিটি গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমানের হাতে চূড়ান্ত লাইসেন্স তুলে দেন বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী।
এর আগে আমান ইকোনমিক জোন, আরিশা ইকোনমিক জোন, বে-ইকোনমিক জোন, মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন ও মেঘনা ইকোনমিক জোনকে চূড়ান্ত লাইসেন্স দিয়েছিল বেজা।
আগামী ২০৩০ সালের মধ্যে সারাদেশে সরকারি, বেসরকারি কিংবা বিদেশি অর্থায়নে একশটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে বেজা। বিভিন্ন স্থানে সরকারি অর্থনৈতিক অঞ্চল ছাড়াও ইতোমধ্যে ১৭টি বেসরকারি প্রতিষ্ঠানকে প্রাক যোগ্যতা সনদ দিয়েছে সরকারি এই কর্তৃপক্ষ।
বাংলাদেশের অন্যতম শিল্পগোষ্ঠি সিটি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সিটি ইকোনমিক জোন লিমিটেড ঢাকা-সিলেট মহাসড়ক থেকে দুই কিলোমিটার অদূরে শীতলক্ষ্যা নদীর তীরে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় প্রায় ৭৮ একর জমিতে এই শিল্পাঞ্চল গড়ে তুলছে।
ইতোমধ্যে সেখানে মাটি ভরাট, সীমানা প্রাচীর নির্মাণ, সিড ক্রাশিংসহ অবকাঠামো নির্মাণ সম্পন্ন হয়েছে।
সেখানে অটোর রাইস মিল, ডাল মিল ও এডিবল অয়েল উৎপাদন কারখানা স্থাপনে ভারী যন্ত্রপাতি কেনার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে বেজাকে জানায় সিটি গ্রুপ কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে বেজার নির্বাহী সদস্য এম এমদাদুল হক, মো. আইয়ুবসহ সিটি গ্রুপের শীর্ষ কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, সিটি গ্রুপ তার সুনাম অক্ষুন্ন রেখে সিটি ইকোনমিক জোন সফলভাবে বাস্তবায়ন করে যাচ্ছে।
এই অর্থনৈতিক অঞ্চলে দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে সিটি গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেন তিনি।
অনুষ্ঠানে অর্থনৈতিক অঞ্চল নিয়ে সিটি গ্রুপের পরিকল্পনা তুলে ব্যবস্থাপনা পরিচালক জানান, বাণিজ্যিক উৎপাদনের প্রথম বছর এই অর্থনৈতিক অঞ্চলে মোট তিন হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে। পরবর্তী পাঁচ বছরের মধ্যে এখানে অন্তত ২০ হাজার মানুষ কাজ করার সুযোগ পাবে।
