বাংলাদেশ ব্যাংকের প্রকল্পে ৩৫ কোটি ডলার দিচ্ছে বিশ্ব ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের অধীনে অবকাঠামো উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে ‘ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড ফাইন্যান্সিং ফ্যাসিলিটি (আইপিএফএফ ২য় পর্যায়) প্রকল্পে অর্থায়নের জন্য ৩৫ কোটি ৬৭ লাখ ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক।
বাংলোদেশি মুদ্রায় ঋণের পরিমাণ প্রায় ২ হাজার ৮৫৪ কোটি টাকা।
মোট ঋণের মধ্যে ২৫ কোটি ৬৭ লাখ ডলার কম সুদের। ছয় বছরের রেয়াতকালসহ ৩৮ বছরে দশমিক ৭৫ শতাংশ সুদে এই ঋণ পরিশোধ করতে হবে।
আর ঋণের ১০ কোটি ডলার বিশ্ব ব্যাংকের স্কেল-আপ ফ্যাসিলিটি তহবিল থেকে দেওয়া হবে। নয় বছরের রেয়াতকালসহ ৩০ বছরে ২ দশমিক ৮৫ শতাংশ সুদে এই পরিশোধ করতে হবে।
রোববার এ বিষয়ে বিশ্ব ব্যাংক ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) মধ্যে দুটি চুক্তি হয়েছে।
বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি চিমিওয়াও ফান এবং ইআরডি সচিব কাজী শফিকুল আযম এতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে জানানো হয়, আইপিএফএফ প্রকল্পটি ২০০৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রথম পর্যায় বাস্তবায়ন করা হয়। মূলত বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ, বন্দর নির্মাণ ও উন্নয়ন, শিল্পবর্জ্য ব্যবস্থাপনা, সড়ক ও মহাসড়ক, ব্রিজ ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে নির্মাণ, পানি সরবরাহ, শিক্ষা- স্বাস্থ্য ও তথ্যপ্রযুক্তি খাতে প্রয়োজনীয় অর্থায়নের জন্য বাংলাদেশ ব্যাংক এ প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রথম মেয়াদে প্রকল্পটির আওতায় প্রায় ২ হাজার ৮৫১ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে।
একই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ‘এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস’ শীর্ষক প্রকল্পে অর্থায়নের জন্য বিশ্ব ব্যাংকের কম সুদের তহবিল এআইডিএ থেকে ১০ কোটি ডলারের আরেকটি চুক্তি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে জানানো হয়, এ প্রকল্পটির মাধ্যমে তৈরি পোশাক শিল্পের বাইরে রপ্তানি সম্ভাবনাময় নতুন বাজারে প্রবেশ সহায়তায় কর্মসূচি গ্রহণের জন্য এ তহবিল থেকে অর্থায়ন করা হবে। বিশেষ করে চামড়া, চামড়াজাত পণ্য, পাদুকা সামগ্রী, হাল্কা প্রকৌশল এবং প্লাস্টিক খাতের রপ্তানি বহুমূখী করণে এ প্রকল্প সহায়তা করবে।
