রিজার্ভ চুরি: পুরো অর্থের আশা ছাড়ছেন না মুহিত
রিজার্ভের চুরি যাওয়া অর্থের পুরোটাই ফিলিপিন্স থেকে ফেরত পাওয়ার আশা ছাড়ছেন না অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
ফিলিপিন্সের যে ব্যাংকের মাধ্যমে বাংলাদেশের রিজার্ভ জুয়ার টেবিলে গিয়েছিল, সেই রিজল ব্যাংক অর্থ ফেরত দিতে অস্বীকৃতি জানালেও মুহিত হতাশ নন।
বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে একজন সাংবাদিক অর্থমন্ত্রীকে প্রশ্ন করেন, “রিজার্ভের চুরি যাওয়া অর্থ ফেরত পাওয়ার বিষয়ে আপনি আশাবাদী কি না?”
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত
জবাবে মুহিত বলেন, “হ্যা, উই উইল গেট ইট। সময়-টময় লাগবে, বাট উই উইল গেট ইট।
“টাকা-পয়সা মোর অর লেস আদায় হয়েছে, কিছু ছাড়া সবই আদায় হয়ে গেছে। এখন এটার জন্য আর দু-একটা লম্বা প্রসিডিউর … ।”
গত বছরের ফেব্রুয়ারিতে সাইবার জালিয়াতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে রাখা বাংলাদেশের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপিন্সের রিজল ব্যাংকের চারটি হিসাবে পাঠায়। ওই অর্থের অধিকাংশ জুয়ার টেবিলে চলে গিয়েছিল।
ঘটনাটি নিয়ে বিশ্বজুড়ে আলোচনার মধ্যে তদন্তে নামে ফিলিপিন্সের সিনেট কমিটি। এক ক্যাসিনো মালিকের ফেরত দেওয়া দেড় কোটি ডলার বাংলাদেশকে ফেরত দেয় দেশটির সরকার।
এই চুরির জন্য রিজল ব্যাংককে দায়ী করে তাদের কাছে ক্ষতিপূরণ চাওয়া হলেও তারা তা প্রত্যাখ্যান করে অর্থ দিতে অস্বীকৃতি জানিয়েছে।
রিজল কমার্শিয়াল ব্যাংকের মাকাতি শহরের জুপিটার স্ট্রিট শাখা, যার মাধ্যমে লেনদেন হয় বাংলাদেশের রিজার্ভের
তারপরও অর্থমন্ত্রী বলছেন, অর্থ ফেরত তাদের দিতেই হবে।
রিজার্ভ চুরির এই ঘটনা তদন্তে সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন নেতৃত্বাধীন তদন্ত কমিটি অর্থমন্ত্রীর কাছে প্রতিবেদন দিলেও এখনও তা প্রকাশ করেননি অর্থমন্ত্রী।
তিনি বুধবারও বলেন, চুরি যাওয়া রিজার্ভের সব অর্থ ফেরত না আসা পর্যন্ত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করা হবে না।
বন্যার জন্য বিশেষ প্রণোদনা
বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে প্রয়োজনে বিশেষ প্রণোদনা দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী মুহিত।
বন্যার কারণে বিশেষ প্রণোদনা দেওয়া হবে কি না- সাংবাদিকদের প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, “হ্যাঁ, নিশ্চয়ই। এখন তো দুর্যোগ মন্ত্রণালয় ইজ লুকিং আফটার ইট, বাট ভেরি সুন ইট উইল বিকাম মোর এ প্রোবলেম অব রেলওয়েজ অ্যান্ড রোডস।”
বিশেষ বরাদ্দ দেবেন কি না- দ্বিতীয় দফার প্রশ্নে মুহিত বলেন, “তখন দেখতে হবে। দেয়ার উড বি নেসেনারি। রিহ্যাবিলেটেশন বড় ধরণের কাজ আছে।”
