২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে সানেমের কর্মশালা

দক্ষিণ এশিয়ার গবেষকদের সিজিই মডেলের তত্ত্ব ও প্রয়োগের মৌলিক ও ব্যবহারিক জ্ঞান দিতে ‘দশম দক্ষিণ এশীয় সিজিই মডেলিং প্রশিক্ষণ কর্মশালা’ করেছে ঢাকাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনোমিক মডেলিং–সানেম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2017, 02:04 AM

Updated : 19 Aug 2022, 05:21 PM

কক্সবাজারের একটি হোটেলে গত ১২ থেকে ১৭ অগাস্ট এই কর্মশালায় আফগানিস্তান, ভুটান, ভারত, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার ২০ জন এবং বাংলাদেশের ১১ জন গবেষক অংশ নেন বলে এক বিজ্ঞপ্তিতে জানায় সানেম।

অংশগ্রহণকারীদের সবাই অর্থনীতি গবেষণা এবং শিক্ষকতায় জড়িত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ও সানেমের নির্বাহী পরিচালক অধ্যাপক সেলিম রায়হান ছিলেন কর্মশালার প্রশিক্ষক।

বিজ্ঞপ্তির তথ্য মতে, দক্ষিণ এশিয়ার গবেষকদের সিজিই মডেলের তত্ত্ব ও প্রয়োগের মৌলিক ও ব্যবহারিক জ্ঞান দেওয়া, দক্ষিণ এশীয় অর্থনীতির বৃহত্তর কল্যাণের স্বার্থে অর্থনৈতিক নীতি নির্ধারণী বিষয় নিয়ে আগ্রহীদের দক্ষতা বৃদ্ধির জন্য সিজিই মডেলের উপযোগিতা এবং কার্যকারিতাকে উপস্থাপন করা এবং সর্বোপরি বাণিজ্য, জলবায়ু পরিবর্তন এবং খাদ্য নিরাপত্তা-এসব ক্ষেত্রে গবেষকদের সিজিই মডেলের ব্যবহারের সাথে পরিচিত করানো এই প্রশিক্ষণ কর্মসূচির অন্যতম লক্ষ্য।

সাউথ এশিয়া ওয়াচ অন ট্রেড, ইকোনোমিক্স অ্যান্ড এনভায়রনমেন্ট (কাঠমান্ডু) ও সেন্টার ফর ডব্লিউটিও স্ট্যাডিজ (দিল্লি) এই কর্মশালায় সহযোগিতায় ছিল। ১৬ আগস্ট কর্মশালার শেষ দিনে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।