বাংলাদেশের এসএমইতে কোটি ডলার দেবে আইএফসি
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের এক কোটি ডলার দেবে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন-আইএফসি।
বিশ্ব ব্যাংক গ্রুপের এই সংস্থা মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে চালু হওয়া পাইলট প্রকল্প ক্লাইমেট ইনভেস্ট ফান্ডের সহায়তায় স্মল এন্টারপ্রাইজ এসিসট্যান্স ফান্ড বাংলাদেশ ভেনচারস ফান্ড বা এসইএএফবিভি’র অংশ হিসেবে এই অর্থ দেওয়া হচ্ছে।
এসইএএফের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা হুবারটাস ফন ডার ভার্ট বলেন, গত কয়েক বছর ধরে এই তহবিলে আইএফসির সহায়তা ছিল অমূল্য। তাদের সহায়তায় তহবিল থেকে ক্ষুদ্র শিল্পের জলবায়ু সহনশীলতা তৈরিতে বিনিয়োগ শুরু হয়েছে।
দ্রুত বেড়ে উঠতে থাকা ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগের জন্য এর আগে তারা এক কোটি ২০ লাখ ডলার এই তহবিলে দিয়েছে বলে জানিয়েছে আইএফসি।
