২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাহিদার চেয়ে সব পণ্যের মজুদ বেশি, দাম বাড়বে না: তোফায়েল

বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ চাহিদার চেয়ে অনেক বেশি রয়েছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, রোজা ঘিরে কোনো পণ্যের সংকট বা মূল্য বৃদ্ধির সম্ভাবনা নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2017, 11:53 PM

Updated : 19 Aug 2022, 04:41 PM

রমযান মাসের কথা চিন্তা করে এরইমধ্যে চিনি, ছোলা, ভোজ্যতেল, ডাল, খেজুরসহ সব নিত্যপ্রয়োজনীয় পণ্য চাহিদার তুলনায় অনেক বেশি আমদানি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ব্রুনাইয়ের রাষ্ট্রদূত হাজাহ মাসুরাই বিনতি হাজী মাসরির সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী একথা বলেন।

ব্যবসায়ীদের কাছ থেকে সততা প্রত্যাশা করে তিনি বলেন, “কোনো পণ্যের মূল্য বৃদ্ধি বা কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বিগত দিনের মতো শুধু রোজা নয়, সারা বছর পণ্যের বাজার স্থিতিশীল থাকবে। এ বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করা হয়েছে।”

রোজার আগে একসঙ্গে অনেক বেশি পণ্য না কিনে অন্য সময়ের মতো বাজার করার পরামর্শ দেন বাণিজ্যমন্ত্রী।

অনেকে অপপ্রচার চালিয়ে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে বলেও সতর্ক করেন তিনি।

“এক্ষেত্রে দেশের প্রচারমাধ্যম গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে এ কাজ করতে না পারে।”

তোফায়েল আহমেদ বলেন, বাজার স্থিতিশীল রাখতে বাজার মনিটরিংসহ সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। টিসিবির মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্য খোলা বাজারে বিক্রি করা হচ্ছে। ভোক্তারা যাতে কষ্ট না পায়, সেজন্য ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূামিকা রাখতে হবে।

চালের বাজার স্থিতিশীল রাখতে সরকার ছয় লাখ মেট্রিক টন চাল কিনছে বলে জানান তিনি।

তবে চাল আমদানির ক্ষেত্রে ২৫ শতাংশ শুল্ক বলবৎ থাকবে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, “সরকার সব সময় দেশীয় শিল্পকে রক্ষা করেই সিদ্ধান্ত নিয়ে থাকে। দেশে যাতে কোনো পণ্যের সংকট সৃষ্টি না হয় সে বিষয়ে সরকার সচেতন রয়েছে।”

নতুন ভ্যাট আইন দেশের ভোক্তাদের জন্য ‘সহনীয় হবে’ মন্তব্য করে তোফায়েল আহমেদ বলেন, “ভ্যাটের পরিমাণ ১৫ শতাংশের কম নির্ধারণ করা হবে। ভ্যাট আইনে ব্যবসায়ীদের জন্য ক্ষতিকর কিছু থাকবে না। ভ্যাটের হার কমলেও পরিধি বাড়ার কারণে ভোক্তাদের উপর কোনো চাপ পড়বে না। এ খাতে সরকারের আয়ও বাড়বে।”