২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বেইজিং কল ফর অ্যাকশন কমিটি'র কো-চেয়ারপার্সন হলো বাংলাদেশ

জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ক সাউথ-সাউথ কো-অপারেশনের ‘বেইজিং কল ফর অ্যাকশন’ বাস্তবায়নে গঠিত ‘কো-অর্ডিনেটিং কমিটি অন দ্য সাউথ-সাউথ কো-অপারেশন ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট’ এর কো-চেয়ারপার্সন হিসেবে মনোনয়ন পেয়েছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2017, 05:33 PM

Updated : 19 Aug 2022, 04:16 PM

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে নিউ ইয়র্কে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর সদর দপ্তরে অনুষ্ঠিত কমিটির এক সভায় দক্ষিণ আফ্রিকাকে চেয়ারপার্সন এবং বাংলাদেশকে কো- চেয়ারপার্সন করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সাউথ-সাউথ কো-অপারেশন কমিটির সদস্যভুক্ত দেশ বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভারত, চীন, কেনিয়া, সাউথ আফ্রিকা, উগান্ডা ও তিউনিশিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক। এসময় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ স্থায়ী মিশনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

গত বছর ১৮ মার্চ চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত ‘মিনিস্টেরিয়াল স্ট্র্যাটেজিক ডায়ালগ অন সাউথ-সাউথ কো-অপারেশন ফর পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক সভায় জনসংখ্যা ও উন্নয়নের ক্ষেত্রে সাউথ-সাউথ কো-অপারেশনের জন্য ‘বেইজিং কল ফর অ্যাকশন’ নেওয়া হয়।

একে সামনে এগিয়ে নেওয়া এবং এর নিয়মিত তদারকি করতে ‘সাউথ-সাউথ কো-অপারেশন’-এর সদস্যদেশগুলোকে নিয়ে একটি কো-অর্ডিনেটিং কমিটি প্রস্তুতের লক্ষ্যে ইউএনএফপিএ সভাটির আয়োজন করা হয়।

সভায় সাউথ-সাউথ কো-অপারেশন-এর সদস্য দেশের প্রতিনিধিগণ জনসংখ্যা ও উন্নয়ন বিষয়টিকে এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের উপর জোর দেন।

প্রতিমন্ত্রী জাহিদ মালেক জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ে গত প্রায় আট বছরেরও বেশি সময় ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে সফলতা অর্জন করেছে তা তুলে ধরেন।

তিনি বলেন, “বেইজিং কল ফর অ্যাকশন বাস্তবায়নে বাংলাদেশের অর্জিত অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে এবং এক্ষেত্রে বাংলাদেশ প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।"

“শুধু আলোচনার টেবিলে বসে থাকলে চলবে না, আমাদেরকে বেইজিং ঘোষণা বাস্তবায়নে এখনই কাজে নেমে যেতে হবে।”

আগামী নভেম্বরে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত হতে যাচ্ছে পার্টনার্স ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (পিপিডি)- এর মন্ত্রী পর্যায়ের সভা।  

ওই সভার আগের দিন ২৫ নভেম্বর এ কো-অর্ডিনেটিং কমিটির পরবর্তী আনুষ্ঠানিক সভা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

ওই সভায় নতুন এই কো-অর্ডিনেটিং কমিটির টার্ম অব রেফারেন্সসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়াদি নির্দিষ্ট করা হবে বলেও কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন এই কোঅর্ডিনেটিং কমিটির সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ আফ্রিকার জনসংখ্যা ও উন্নয়ন এবং সামাজিক উন্নয়ন বিভাগের চীফ ডাইরেক্টর জ্যাকুইস্ ভ্যান জুইদাম।

জাতিসংঘ সদর দপ্তরে 'কমিশন অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট' এর চলতি ৫০তম সেশনে বাংলাদেশ প্রতিনিধিদলেরও নেতৃত্ব দিচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক।