২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একনেকে উঠছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাইবার নিরাপত্তা প্রকল্প

রাষ্ট্রায়ত্ত সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের আইটি অবকাঠামো উন্নত করার পাশাপাশি সর্বাধুনিক সাইবার নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার।

জাফর আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2017, 08:48 PM

Updated : 19 Aug 2022, 04:13 PM

এ জন্য এক হাজার ৫৮০ কোটি টাকা ব্যয়ে ‘রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠানসমূহের আধুনিকায়ন’ শীর্ষক এক প্রকল্প গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার হতে যাওয়া জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় চূড়ান্ত অনুমোদনের জন্য প্রকল্পটি উপস্থাপন করা হচ্ছে।

একনেক বৈঠকের কার্যতালিকায় এই প্রকল্প উপস্থাপনের বিষয়টি উপরের দিকে রয়েছে।

প্রকল্প ব্যয়ের সিংহভাগ প্রায় এক হাজার ২০০ কোটি টাকা অর্থায়ন করবে বিশ্বব্যাংক।

একনেক সভায় উপস্থাপনের জন্য তৈরি প্রস্তাবনায় দেখা যায়, এ প্রকল্পের মাধ্যমে সরকারি আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আধুনিকায়নের জন্য ‘বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং’ করা হবে। ব্যাংকসমূহের তথ্য প্রযুক্তি আধুনিকায়ন করা হবে।

ব্যাংকিং খাত এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের তদারকি ব্যবস্থা এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা উন্নয়ন করা এ প্রকল্পের প্রধান উদ্দেশ্য। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর স্বচ্ছতা নিশ্চিত করতেই এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।

সভায় অনুমোদন পেলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ২০২১ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে। এরপর রাষ্ট্রায়ত্ত সব ব্যাংকের লেনদেন অটোমেশনের আওতায় আসবে।

বিশেষ করে ব্যাংকিং খাত সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে পরিচালিত হলে সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি মন্দঋণ বৃদ্ধির প্রবণতাও কমে আসবে।

প্রস্তাবিত প্রকল্প দিয়ে সাইবার নিরাপত্তার উন্নয়ন সম্ভব হলেও এর সঙ্গে দেশের আর্থিক খাতকে এগিয়ে নিতে পেশাদারিত্বের উন্নয়ন করার ওপর জোর দিচ্ছেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখত।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকারি আর্থিক প্রতিষ্ঠানগুলোর উপরের দিকের নিয়োগগুলো নিয়ে একটা কাঠামো তৈরি করা উচিত। বর্তমানে কেউ একবার এমডি হিসেবে নিয়োগ পেলে পরের বছর থেকে তার টিকে থাকার জন্য তদবির করতে হয়। এক্ষেত্রে কোনো উন্নত নিয়ম আমাদের দেশে নেই।

“এরকম নিয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট একটি কাঠামো থাকলে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা কাজে মনোনিবেশ করতে পারেন। একইসঙ্গে তার চেষ্টা থাকবে, তিনি কত ভাল কাজ করতে পারেন।”

গত বছর সাইবার জালিয়াতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের আট কোটি ১০ লাখ ডলার বেহাত হওয়ার পর রাষ্ট্রায়ত্ত সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা নিশ্চিতে উদ্যোগী হয় সরকার।

গত ২১ ডিসেম্বর এ প্রকল্পটি পরিকল্পনা কমিশনের প্রাক মূল্যায়ন কমিটি (পিইসি) সভায় একনেক সভায় উপস্থাপনের অনুমোদন দেওয়া হয়।

প্রকল্প প্রস্তাবনায় বলা হয়, প্রকল্পটির জন্য বিশ্বব্যাংক ১৫ কোটি ডলারের সহায়তা দেবে। বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১ হাজার ১৮৫ কোটি টাকা। এই অর্থের জন্য ইতোমধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) ‘নেগোসিয়েশন’ সম্পন্ন হয়েছে।

বাকি ৩৯৫ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিলি থেকে যোগান দেওয়া হবে।

একনেক সভায় উপস্থাপনের অপেক্ষায় থাকা প্রকল্প প্রস্তাবনায় বলা হয়, নতুন হার্ডওয়্যার ও সফটওয়্যার সংযোজনের মাধ্যমে সরকারি ব্যাংকগুলোর ঝুঁকি ব্যবস্থাপনা, আর্থিক লেনদেন প্রক্রিয়া, নিয়ন্ত্রণ, নিরীক্ষা এবং সাইবার ঝুঁকি ব্যবস্থাপনায় দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। এসকল কার্যক্রম সম্পন্ন করে সরকারি সকল আর্থিক প্রতিষ্ঠানে স্বয়ংক্রিয় পদ্ধতি নিশ্চিত করে আর্থিক খাতে সুশাসন ও শৃংখলা নিশ্চিত করার দরকার বলে মনে করে সরকার। তাই এ প্রকল্পটি গ্রহণ করা হচ্ছে।

এ প্রকল্প বাস্তবায়িত হলে ব্যাংকিংসহ সব আর্থিক প্রতিষ্ঠানের সেবার মান বাড়বে বলে প্রকল্পটি সম্পর্কে মতামত দিতে গিয়ে বলেন পরিকল্পনা কমিশনের আর্থ সামাজিক অবকাঠামো বিভাগের ভারপ্রাপ্ত সদস্য মো. নজরুল ইসলাম।