বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগের কেন্দ্র হতে পারে: এডিবি ভাইস প্রেসিডেন্ট
অসাধারণ ভৌগলিক অবস্থানের কারণে বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগের আঞ্চলিক কেন্দ্র হতে পারে বলে মন্তব্য করেছেন সফররত এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট ওয়েনচাই ঝাং।
বৃহস্পতিবার ব্যাংকের ঢাকা দপ্তরে এক ব্রিফিংয়ে তিনি জানান, এই সম্ভাবনা নিয়ে অর্থমন্ত্রীসহ সরকারের শীর্ষ পর্যায়ে কথা বলেছেন তিনি।
“বাণিজ্য ও বিনিয়োগের আঞ্চলিক কেন্দ্র হওয়ার মত অসাধারণ ভৌগলিক অবস্থানে রয়েছে বাংলাদেশ, যা দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়াকে যুক্ত করতে পারে।”
হলি আর্টিজানে হামলা বাংলাদেশে এডিবির কোনো কর্মসূচিতে নেতিবাচক প্রভাব ফেলেছে কী না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “যে সময়ে ওই ঘটনা ঘটেছে, তার পর আমাদের প্রোগ্রাম বেড়েছে।”
বাংলাদেশে পরিবেশবান্ধব জ্বালানিতে এডিবি আরও কাজ করবে বলেও জানান তিনি।
এডিবি বাংলাদেশে পরমানু বিদ্যুৎ উৎপাদনে অর্থায়ণ করবে কী না জানতে চাইলে ওয়েনচাই ‘না’ সূচক জবাব দেন।
ব্রিফিংয়ে ঝাংয়ের উপদেষ্টা হুইপিং হুয়াং ও বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগোসি, গোবিন্দ বার প্রমুখ উপস্থিত ছিলেন।
