২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু তহবিল বরাদ্দে ‘রাজনৈতিক প্রভাব’: টিআইবি

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে জলবায়ু তহবিল বরাদ্দে গুণগত মানের বদলে রাজনৈতিক প্রভাব বেশি কাজ করছে বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2017, 08:46 PM

Updated : 11 Apr 2022, 10:51 PM

স্থানীয় জলবায়ু বিপন্নতা ও বরাদ্দের মধ্যে অসামঞ্জস্যতার কারণে ক্ষতিগ্রস্তরা আরও বেশি ঝুঁকিতে পড়ছে বলে উদ্বেগের কথাও জানিয়েছে সংস্থাটি।

সোমবার ঢাকার ধানমন্ডির মাইডাস সেন্টারে আয়োজিত 'জলবায়ু অর্থায়ন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান: প্রকল্প বাস্তবায়নে সুশাসন' শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে টিআইবি।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় স্থানীয় সরকারের ১০৮টি প্রকল্প বাস্তবায়ন চলছে। এর মধ্যে মহানগরে তিনটি, পৌরসভায় ৯১টি ও জেলা পরিষদে ১৪টি প্রকল্পে বাজেট প্রায় ৩৫৪ কোটি টাকা।

টিআইবির গবেষণায় এসব প্রকল্পের ছয়টিকে বেছে নেওয়া হয় বলে অনুষ্ঠানে জানানো হয়।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “বিপন্নতার সঙ্গে সামঞ্জস্য রেখে তহবিল বরাদ্দ হচ্ছে না। রাজনৈতিক প্রভাব বরাদ্দের ক্ষেত্রে প্রাধান্য পাচ্ছে।”

এর ব্যাখ্যায় তিনি বলেন, যেখানে ঝুঁকি বেশি সেখানে বরাদ্দ কম, প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের কারণে ‘পছন্দমতো প্রকল্প’ নিয়ে বরাদ্দ বেশি করায় ক্ষতিগ্রস্তরা বঞ্চিত হচ্ছে। এতে প্রকল্পের মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে।

প্রকল্প বাস্তবায়নে বেশ কিছু ইতিবাচক দিক থাকলেও তহবিল বরাদ্দ ও ট্রাস্টিবোর্ড গঠনে ‘স্বার্থের দ্বন্দ্ব’ রয়েছে বলে মন্তব্য  করেন ইফতেখারুজ্জামান।

টিআইবির চেয়ারপারসন সুলতানা কামাল বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় এসব প্রকল্পে জনসম্পৃক্ততা বাড়াতে হবে। জনগণের সম্মতি ছাড়া নিজেদের মতো করে প্রকল্প নিলে তার সুফল পাওয়া যাবে না।

প্রকল্প বাস্তবায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় ট্রাস্টিবোর্ড পুনর্গঠন, তহবিল বৃদ্ধি, নীতিমালা পরিমার্জন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানোসহ কয়েকটি সুপারিশ তুলে ধরে টিআইবি।

নাহিদ শারমিন, ফারহানা রহমান, গোলাম মহিউদ্দিন ও এএসএম জুয়েল এই গবেষনা প্রতিবেদন তুলে ধরেন।