২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার দাভোস যাচ্ছেন প্রধানমন্ত্রী

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় যোগ দিতে রোববার সুইজারল্যান্ডের দাভোস যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2017, 03:04 PM

Updated : 11 Oct 2022, 01:20 PM

বাংলাদেশের কোনো নির্বাচিত প্রধানমন্ত্রী এবারই প্রথম এই ফোরামের সভায় দেশের প্রতিনিধিত্ব করছেন বলে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী শনিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন।

এর আগে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ শীর্ষস্থানীয় এ আন্তর্জাতিক সংস্থার বার্ষিক সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন।

এবারের সভায় শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানোয় বাংলাদেশের মর্যাদা আরও সুসংহত হয়েছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, “বিশ্ব মানচিত্রে বাংলাদেশের শক্তিশালী অবস্থানের প্রতিফলন এটি; প্রধানমন্ত্রীর সক্ষমতা ও দূরদৃষ্টি যে তাকে বিশ্বনেতৃত্বের অন্য স্তরে নিয়ে গেছে, এটা তারও ইঙ্গিত।”

প্রতি বছরের শুরুতে সুইজারল্যান্ডে দাভোস ফোরামের এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্বের শীর্ষ অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা একত্রিত হয়ে বৈশ্বিক, আঞ্চলিক ও শিল্পখাতের বিভিন্ন পরিস্থিতি নিয়ে কথা বলেন; পাশাপাশি তারা সম্ভাবনাময় বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন।

ফোরামের নির্বাহী চেয়ারম্যান অধ্যাপক ক্লস এবারের বার্ষিক সভায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান।

প্রধানমন্ত্রীর সফরঙ্গীদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক থাকবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

১৭-২০ জানুয়ারি দাভোস ও ক্লস্টারসে অনুষ্ঠেয় এবারের সভায় প্রধানমন্ত্রী পানি অর্থনীতি, টেকসই উন্নয়ন, আঞ্চলিক সহযোগিতা, জলবায়ু পরিবর্তন, তথ্যপ্রযুক্তি ও নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন সেশনে অন্য রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বক্তব্য রাখবেন।

সভার বাইরে বিভিন্ন দেশের শীর্ষনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

“সময় কম, শেষ সময়েও বৈঠক ঠিক হতে পারে। যে কোনো সময়ে বৈঠক করতে আমদের প্রস্তুতি আছে।”

দাভোস ফোরামে প্রধানমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সফলতার পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তাদের বিনিয়োগ সম্ভাবনার কথাও তুলে ধরবেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, শেখ হাসিনা দাভোস ফোরামে বাংলাদেশকে ‘আধুনিক, খোলা, গণতান্ত্রিক ও দায়িত্বশীল’ রাষ্ট্র হিসেবে উপস্থাপন করবেন।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভা শেষে ২১ জানুয়ারি প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা।