২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সন্ত্রাস-দুর্নীতি না থাকলে জিডিপি প্রবৃদ্ধি হতো ৯ শতাংশের বেশি’

অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ ও দুর্নীতির প্রভাব না থাকলে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি এতদিনে ৭ শতাংশের মধ্যে আটকে না থেকে ৯ শতাংশের বেশি হতো বলে মনে করেন ঢাকা স্কুল অব ইকোনমিক্সের সাম্মানিক পরিচালক ড. কাজী খলিকুজ্জামান আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2017, 09:07 PM

Updated : 19 Aug 2022, 03:22 PM

তবে ২০০৮ সালের বৈশ্বিক মন্দার প্রভাব থেকে অনেক উন্নত দেশ বের হয়ে আসতে না পারলেও বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি অব্যাহত থাকায় সন্তোষ প্রকাশ করেন এই অর্থনীতিবিদ।

মঙ্গলবার বিকালে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সোসাইটি অডিটোরিয়ামে সোসাইটির ৬৫তম প্রতিষ্ঠা দিবসের ‘স্মারক’ বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

কাজী খলিকুজ্জামান বলেন, “২০০৮ সালের বৈশ্বিক মন্দার প্রভাব থেকে এখনো অনেক উন্নত দেশ বের হয়ে আসতে পারেনি। সেখানে বাংলাদেশ গত আট বছরে জিডিপির বার্ষিক প্রবৃদ্ধি ৬ শতাংশ ধরে রেখেছে। বর্তমানে এই প্রবৃদ্ধি ৭ শতাংশের উপরে।

“বাংলাদেশে বৈশ্বিক জলবায়ুর বিরুপ প্রভাব, অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ এবং দুর্নীতির প্রভাব না থাকলে জিডিপির বার্ষিক এই প্রবৃদ্ধি ৭ শতাংশের মধ্যে আটকে না থেকে ৯ শতাংশের বেশি হতো। তারপরেও আমাদের এই অগ্রগতি অব্যাহত রয়েছে।”

অর্থনৈতিক এই উন্নতির পাশাপাশি দেশে মানবাধিকার ও মানবমর্যাদা প্রতিষ্ঠায় দারিদ্র্য দূরীকরণে কাজ করার ওপর জোর দেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) এই চেয়ারম্যান।

“মানবাধিকার ও মানবমর্যাদা প্রতিষ্ঠা করার জন্য আমাদের কাজ করে যেতে হবে। সেই জন্য প্রথমেই আমাদের অতিদারিদ্র্য দূর করতে হবে এবং বহুমাত্রিক দারিদ্র্যের দিকে নজর দিতে হবে। এজন্য আমাদের পরিকল্পনা ও নীতিতে পরিবর্তন আনতে হবে।”

দুর্নীতি দমন এবং জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে সামাজিক আন্দোলনের বিকল্প নেই মন্তব্য করে কাজী খলিকুজ্জামান বলেন,“দুর্নীতি দমন  করতে হলে সরকারের ভূমিকার চাইতেও যা করতে হবে তা হলো বড় ধরনের সামাজিক আন্দোলন করতে হবে।

“হলি আর্টিজানের ঘটনার পর থেকেই এখন আমরা সন্ত্রাসবাদের খবর যেখানেই পাচ্ছি, সেখানেই আগে থেকে ধরে ফেলতে পারছি। এটা আগে সম্ভব হয়নি।”

এই দেশকে দুর্নীতিবাজ প্রমাণ করার জন্য কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠান উঠে পড়ে লাগে অভিযোগ করে তাদের সমালোচনা করেন তিনি।

“আমাদের দেশে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান আছে তারা এই দেশকে দুর্নীতিবাজ প্রমাণ করার জন্য প্রতিদিন উঠে পড়ে লেগেছে; তারা যেখানে দুর্নীতি নাই সেখানে দুর্নীতি দেখে, এক টাকার দুর্নীতি হলে একশ টাকার দুর্নীতি বলে।”

টেকসই উন্নয়নের জন্য সরকারি ও বেসরকারি উভয় দিক থেকেই ভূমিকা রাখতে হবে বলে মনে করেন অর্থনীতিবিদ কাজী খলিকুজ্জামান।

“টেকসই উন্নয়নের জন্য সরকারি এবং বেসরকারি উভয় দিক থেকেই ভূমিকা রাখতে হবে। প্রত্যেকের ন্যায্য অধিকার থেকে কাউকে বাদ দেওয়া যাবে না। তার রাজনৈতিক, মৌলিক অধিকার, মানবাধিকার ও সামাজিক অধিকারের দিকে দৃষ্টি রাখতে হবে।”

এশিয়াটিক সোসাইটির সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক একেএম গোলাম রব্বানী, সহ-সভাপতি অধ্যাপক মাহফুজা খানম, অধ্যাপক শরিফ উদ্দিন আহমেদ, ফেলো সদস্য অধ্যাপক আব্দুল মমিন চৌধুরী বক্তব্য দেন।