পদ্মায় রেল: চীনের সঙ্গে ঋণ চুক্তিতে ইআরডিতে তাগাদা
পদ্মাসেতুতে রেল সংযোগ প্রকল্পের জন্য চীনের সঙ্গে চূড়ান্ত ঋণ চুক্তি ত্বরান্বিত করতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে (ইআরডি) তাগাদা দিয়েছে প্রধানন্ত্রীর কার্যালয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৫ (প্রতিকল্প) স্বাক্ষরিত এক চিঠি গত ২৭ ডিসেম্বর ইআরডিতে পাঠিয়ে এই তাগাদা দেওয়া হয় ইআরডি এক কর্মকর্তা জানিয়েছেন।
এর আগে প্রকল্পটির জন্য ঋণ নিতে গত ৮ অগাস্ট চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঢাকা সফরের সময় দুই দেশের সরকার প্রধানের সামনে চীনের এক্সিম ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে ৩১৩ কোটি ৮৭ লাখ ডলারের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
একইসঙ্গে ওই দিন চীন সরকার মনোনীত ঠিকাদারী প্রতিষ্ঠান চায়না রেলওয়ে গ্রুপের (সিআরইসি) সঙ্গে বাংলাদেশ রেলওয়ের একটি বাণিজ্যিক চুক্তিপত্র স্বাক্ষরিত হয়।
এর চারমাসের বেশি সময় পর এই প্রকল্পের জন্য চীনের সঙ্গে চূড়ান্ত ঋণ চুক্তি ত্বরান্বিত করতে ইআরডিতে প্রধানন্ত্রীর কার্যালয় থেকে তাগাদা দেওয়া হলো।
এ নির্দেশনার পর রেল সংযোগ প্রকল্পটিকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রকল্প হিসেবে রেখে চীনা কর্তৃপক্ষের কাছে একটি তালিকা পাঠানো হবে বলে ইআরডি সচিব কাজী শফিকুল আজম।
ইআরডি সচিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যথাসম্ভব কম সময়ের মধ্যে চূড়ান্ত চুক্তির বিষয়ে আমরা চীনা কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাব। একইসঙ্গে এ প্রকল্পের গুরুত্ব তুলে ধরে এবং প্রয়োজন ব্যাখ্যা করে প্রকল্পটি আমাদের সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় অন্তর্ভুক্ত ও চুক্তির বিষয়টি তাদের জানানো হবে।”
এসময় শিগগির চূড়ান্ত চুক্তিটি হওয়ার বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আগের সমঝোতা চুক্তি অনুযায়ী দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যয়বহুল এ প্রকল্প চীন সরকারের জি টু জি ভিত্তিতে বাস্তবায়িত হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মাসেতু উদ্বোধনের সময় একইসঙ্গে রেললাইনও উদ্বোধন করার প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন।
এ প্রতিশ্রুতি রক্ষায় গত ২৩ নভেম্বর রেললাইন প্রকল্পটির কাজ শিগগির শুরু করতে চীনের সঙ্গে চূড়ান্ত ঋণ চুক্তির অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি দেয় রেলপথ মন্ত্রণালয়।
চিঠিতে মাঠ পর্যায়ে প্রকল্পের কাজ শুরু করার সুবিধার্থে ১৬ ডিসেম্বরের মধ্যে চীনের সঙ্গে ঋণচুক্তি করার অনুরোধ জানানো হয়েছিল।
এতে বলা হয়, “জানুয়ারী ২০১৭ হতে কাজ শুরু করে এ বছরের শুকনো মৌসুমের মধ্যে আড়িয়ালখাঁ সেতুসহ অন্যান্য রেলসেতুর ফাউন্ডেশন নির্মাণ করা সম্ভব না হলে পদ্মাসেতু চালুর দিন হতে সেতুটি দিয়ে ট্রেন চলাচলের লক্ষ্যমাত্রা অর্জন করা অনিশ্চিত হয়ে পড়বে।”
সর্বশেষ সংশোধনী অনুযায়ী পদ্মাসেতু প্রকল্প বাস্তবায়নের মেয়াদ দুই বছর বাড়িয়ে ২০২০ সালের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে।
এ অবস্থায় গত ডিসেম্বরের মধ্যে ঋণ চুক্তি স্বাক্ষর করা সম্ভব না হওয়ায় চলতি জানুয়ারি মাসের মধ্যে কাজও শুরু করার সম্ভাবনা নেই।
এমন পরিস্থিতিতে পদ্মাসেতু উদ্বোধনের দিন থেকে রেল চালু করা অনিশ্চিত হয়ে পড়ল কিনা এমন প্রশ্নের উত্তরে রেল সচিব মো. ফিরোজ সালাহ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধানমন্ত্রীর কার্য়ালয় থেকে ইআরডিকে এ ঋণ চুক্তির বিষয়ে চীনকে তাগাদা দেওয়ার নির্দেশের ফলে শিগগির চুক্তি হয়ে যেতে পারে।
“আর ঋণ চুক্তিটি হলেই আমরা কাজ শুরু করে দিতে পারব। সে সেক্ষেত্রে এখনো লক্ষ্যমাত্রা অনুযায়ী মেয়াদের মধ্যেই প্রকল্পটি শেষ করার বিষয়ে আমরা আশাবাদী।”
