নৌপথ উন্নয়ন প্রকল্পে ৩৬ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
দেশের নৌপথের উন্নয়নে বাংলাদেশকে সহজ শর্তে ৩৬ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক।
নৌ-পরিবহন মন্ত্রণালয়ের আওতায় ‘বাংলাদেশ রিজিওনাল ওয়াটারওয়ে ট্রান্সপোর্ট প্রজেক্ট-১’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে এই ঋণের অর্থ।
বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় ঋণের পরিমাণ প্রায় দুই হাজার ৮৮০ কোটি টাকা। ছয় বছরের রেয়াতকালসহ ৩৮ বছরে মাত্র দশমিক ৭৫ শতাংশ সুদে এ ঋণ পরিশোধ করতে হবে।
বুধবার এ বিষয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও বিশ্বব্যাংকের মধ্যে একটি চুক্তি হয়, যাতে ইআরডির জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন এবং বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি চিমিওয়াও ফান স্বাক্ষর করেন।
চুক্তির পর ইআরডি সচিব বলেন, “প্রকল্পে অর্থায়নের ক্ষেত্রে সড়কপথ অগ্রধিকার পেলেও রেল ও নৌ-পরিবহন অবহেলিত ছিল। এখন সরকার রেল ও নৌ-পরিবহনেও গুরুত্ব দিয়েছে। বিশেষ করে ঢাকা-চট্টগ্রামের পণ্য পরিবহনের ক্ষেত্রে নৌ পরিবহন বিশাল অবদান রাখতে পারে। সেই সম্ভাবনা কাজে লাগানোর জন্যই এ প্রকল্পটি গ্রহণ করা হয়।”
অনুষ্ঠানে জানানো হয়, আঞ্চলিক নৌপথ পরিবহন প্রকল্পটির মোট ব্যয় ধরা হযেছে তিন হাজার ২০০ কোটি টাকা। এর মধ্যে বিশ্বব্যাংকের সরবরাহ করা দুই হাজার ৮৮০ কোটি টাকার বাইরে বাকি মাত্র ৩২০ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে যোগান দিতে হবে।
অনুষ্ঠানে বলা হয়, স্বল্প ব্যয়ে পরিবেশ বান্ধব পণ্য সরবরাহ ও যোগাযোগের মাধ্যম হলো নৌ-পরিবহন। গুরুত্ব বিবেচনায় ঢাকা- আশুগঞ্জ-চট্টগ্রাম নৌ-করিডোর বাংলাদেশের প্রধান অভ্যন্তরীণ নৌ-বাণিজ্যিক রুট, যা আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণেও গুরুত্বপূর্ণ।
৩০০ কিলোমিটার দৈর্ঘ্যের এই রুটে বরিশালসহ অন্যান্য রুটের সংযোগ রয়েছে। এ রুটের সঙ্গে সংযুক্ত নারায়ণগঞ্জ এবং বরিশাল যুক্ত হলে মোট নৌ-পথের পরিমাণ দাঁড়াবে ৯০০ কিলোমিটার।
এ করিডোরের মাধ্যমে দৈনিক প্রায় দুই লক্ষ যাত্রী চলাচল করে। এই পরিপ্রেক্ষিতে সারা বছরব্যাপী ঢাকা-আশুগঞ্জ-চট্টগ্রাম নৌপথের নাব্যতা নিশ্চিতকরণ, করিডোরের উন্নয়ন এবং বিআইডব্লিউএ-র প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রকল্পটি গ্রহণ করা হয়েছে।
আগামী ২০২৪ সালে প্রকল্পটি শেষ করার লক্ষ্য রয়েছে বলে ঋণ চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠান থেকে জানানো হয়।
