২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর ফাঁকিবাজদের ‘ঠেলা দিতে তৈরি’ এনবিআর

নির্ধারিত সময়ে যারা কর কিংবা শুল্ক দেননি, তাদের ধরতে মাসব‌্যাপী অভিযান শুরু হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম‌্যান মো. নজিবুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2016, 06:34 PM

Updated : 25 Jul 2022, 09:34 PM

বৃহস্পতিবার থেকে এক মাসব্যাপী এ অভিযান পরিচালনা করে আগামী ২৬ জানুয়ারি কাস্টমস দিবসে এর মূল্যায়ন করা হবে বলে জানান তিনি।

নজিবুর বুধবার এক অনুষ্ঠানে বলেন, “আমরা মেলা চলার সময়ে বলেছিলাম, যারা শুল্ক আইন ভঙ্গ করবে তাদের জন্য মেলার পরে ঠেলা আছে।

“কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে। যেখানেই অব্যবস্থাপনা পাওয়া যাবে সেখানেই অভিযান পরিচালনা করা হবে। কেন্দ্রীয় গোয়েন্দা সেল আইন প্রয়োগে সহায়তা করবে।”

গত ৩০ নভেম্বর ব‌্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর বিবরণী জমার সময় শেষ হয়। বাংলাদেশে আয়কর সনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) প্রায় ২০ লাখ হলেও এবার আয়কর বিবরণী জমা পড়েছে ১১ লাখ।

এনবিআর চেয়ারম‌্যান বলেছিলেন, করযোগ্য আয় থাকা সত্ত্বেও যারা বিবরণী দাখিল করবেন না তাদের খুঁজে বের করা হবে।

বুধবার রাজধানীর সেগুন বাগিচায় এনবিআর ভবনের সামনের বাগানে ‘রয়েল বেঙ্গল টাইগারের’ ভাস্কর্য স্থাপনের অনুষ্ঠানে ওই ঘোষণাই আবার দিয়ে তিনি বলেন, “সেই ঠেলা ভাস্কর্য উদ্বোধনের পর থেকেই শুরু হবে।”

বাঘের ভাস্কর্য স্থাপনের কারণ ব‌্যাখ‌্যা করে নজিবুর বলেন, “ফুলের বাগানে বাঘের ভাস্কর্য বসানোর একটি কারণ আছে। বাঘ আমাদের জাতীয় শক্তি, সামর্থ‌্য ও রুদ্রমূর্তির প্রতীক। আর ফুল হচ্ছে কোমল ও আরামের প্রতীক।

“অর্থাৎ যারা আইন মেনে কর পরিশোধ করবে তাদেরকে ফুলের শুভেচ্ছা জানানো হবে। আর যারা কর আইন ভঙ্গ করবে এবং মুদ্রা পাচার করবে তাদের বিরুদ্ধে এনবিআর ব্যাঘ্রমূর্তি ধারণ করবে।”

পুরনো খবর:

করযোগ্য আয়কারীদের রিটার্ন দাখিল না হলে ব্যবস্থা: এনবিআর
রিটার্ন বেড়েছে ৩ লাখ, আয়কর ২০৭%