২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মূসক যথানিয়মে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিন: এনবিআর চেয়ারম্যান

পণ্য বিক্রির সময় ক্রেতাদের কাছ থেকে নেওয়া মূল্য সংযোজন কর (মূসক) ব্যবসায়ীদের কাছে 'রাষ্ট্রের পবিত্র আমানত' মন্তব্য করে তা যথানিয়মে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2016, 12:30 AM

Updated : 12 Apr 2022, 03:32 AM

জাতীয় ভ্যাট সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার বসুন্ধরা সিটি শপিংমল ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় ব্যবসায়ীদের প্রতি এ আহ্বান জানান তিনি।

নজিবুর রহমান বলেন, “পণ্য বিক্রির সময় ক্রেতাদের কাছ থেকে নেওয়া মুসক ব্যবসায়ীদের কাছে রাষ্ট্রের পবিত্র আমানত। এ আমানত যথা নিয়মে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার আহ্বান জানাচ্ছি।

“মানুষকে সেবা দিতে ইতোমধ্যেই এনবিআরকে ডিজিটাল করা হয়েছে, যাতে দোকানে বসেই ব্যবসায়ীরা অনলাইনেই মূসক দিতে পারে। এখন থেকে এনবিআর এর কাছে ব্যবসায়ীদের যেতে হবে না। এনবিআর ব্যবসায়ীদের কাছে আসবে।”

এনবিআর চেয়ারম্যান জানান, সরকার ব্যবসায়ীদের কাছে ইলেকট্রনিক ক্যাশ রেজিস্ট্রার (ইসিআর) মেশিন সরবরাহ করবে। সেই যন্ত্রের মাধ্যমে স্বয়ংক্রিয় পদ্ধতিতে পণ্য বিক্রির পাশাপাশি মূসক চলে যাবে রাজস্ব তহবিলে।

টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বাস্তবায়নে যে বিপুল বিনিয়োগ দরকার তা দেশের মানুষকেই করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

নজিবুর রহমান বলেন, “সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার (এমডিজি) সফল বাস্তবায়নের পর এবার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়ন করছে সরকার।

“এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনের হাত ধরেই আসবে টেকসই বাংলাদেশ। এজন্য বিপুল বিনিয়োগ দরকার। এ বিনিয়োগ দেশের মানুষকেই করতে হবে।”

রাজধানীর বসুন্ধরা সিটি চত্বরে এ মতবিনিময় সভায় বসুন্ধরা শপিংমলের ব্যবসায়ী সমিতির সভাপতি এমএ হান্নান আজাদ, উপদেষ্টা লতিফুল হোসেন, এনবিআর সদস্য জাহাঙ্গীর হোসেন, রেজাউল হাসান এবং সুলতান মো. ইকবাল বক্তব্য রাখেন।

ব্যবসায়ী এমএ হান্নান আজাদ বলেন, “গত দুই ঈদে দেশের ৫৫ থেকে ৬০ হাজার ক্রেতা ভারতে গিয়ে কেনা কাটা করে আসার ফলে দেশীয় ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে রাষ্ট্রও রাজস্ব আহরণ থেকে বঞ্চিত হয়েছে।”

তাই আগামীতে ঈদের আগে ওইভাবে ভারতীয় ভিসা না দেওয়ার আহ্বান জানান তিনি।

সরকার এবং ব্যবসায়ী একে অপরের পরিপূরক মন্তব্য করে হান্নান বলেন, সরকার ব্যবসায়ীদের স্বার্থ দেখবে আর ব্যবসায়ীরা দেশের রাজস্বের যোগান দেবে।

ইতোমধ্যেই বসুন্ধরা সিটির ব্যবসায়ীদেরকে ইসিআর মেশিন নেওয়া বাধ্যতামূলক ঘোষণা করা হয়েছে বলে জানান শপিংমলটির ব্যবসায়ী সমিতির এই নেতা।

অনুষ্ঠানে এনবিআর সদস্য জাহাঙ্গীর হোসেন বলেন, “সরকার দেশের সহজ ব্যবসায়িক পরিবেশের জন্য কাজ করছে। ব্যবসায়ীদের প্রতি সরকারের ব্যাপক আস্থা।”

সরকারকে সহযোগিতা করে সেই আস্থার প্রতিদান দেওয়ার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।