অর্থনৈতিক অঞ্চলে সিইটিপি স্থাপন নিয়ে কর্মশালা
দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে সম্মিলিত পানিশোধন প্রযুক্তি (সিইটিপি) স্থাপনের বিষয়ে ঢাকায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, বেজা ও ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশনের ‘২০৩০ ওয়াটার রিসোর্স গ্রুপ’ যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।
রপ্তানি আয় বাড়ানো ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ২০১০ সালে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল গঠিত হয়। আগামী ১৫ বছরে দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সংস্থাটি।
কর্মশালার উদ্বোধনীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী।
এতে কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন ২০৩০ ডব্লিউআরজি এর বাংলাদেশ অংশের সমন্বয়ক সাইফ তানজীম কাইয়ুম।
ফাইল ছবি
পরে কর্মশালার বিষয়ে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোনো একটি নতুন প্রযুক্তি চালু করতে হলে তা নিয়ে আগে সংশ্লিষ্ট মহলের আলোচনা প্রয়োজন। এর মাধ্যমে এর সুবিধা অসুবিধার বিষয়ে বিস্তারিত জানা যায়।”
কর্মশালায় অন্যদের মধ্যে পরিবেশ অধিদপ্তরের মহা পরিচালক রইছউল আলম মণ্ডল, ২০৩০ ডব্লিউআরজির আঞ্চলিক প্রধান বাস্তিয়ান মহরমানসহ সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞরা নিজেদের মতামত তুলে ধরেন।
এতে সরকারি কর্মকর্তা, কারখানা মালিক, প্রযুক্তি সহায়তা প্রদানকারী, অবকাঠামো নির্মাণকারী, বিনিয়োগকারী ও পরামর্শকরাও নিজেদের মতামত তুলে ধরেন। এছাড়া এই প্রযুক্তি স্থাপনে কারিগরি, আর্থিক ও ব্যবস্থাপনা বিষয়েও সেখানে আলোচনা হয়।
২০৩০ ডব্লিউআরজি এর উপদেষ্টা সীমা মাঙ্গি সিইটিপি বিষয়ে চীন, ভিয়েতনাম ও তুরস্কের অভিজ্ঞতা তুলে ধরেন। এছাড়া জ্যেষ্ঠ ইটিপি বিশেষজ্ঞ জিম সিলভারম্যানও অনুষ্ঠানে আলোচনা করেন।
