২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অক্টোবরে মূল্যস্ফীতি বেড়েছে

গেল মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2016, 05:22 PM

Updated : 11 Oct 2022, 09:02 PM

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, অক্টোবরে মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৫৭ শতাংশ, যা আগের মাসে ছিল ৫ দশমিক ৫৩ ভাগ।

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক)সভা শেষে বিবিএসের হালনাগাদ প্রতিবেদন সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

তিনি বলেন, “চাল, ডাল, শাক, সবজি ও ভোজ্যতেলসহ নিত্যপণ্যের দাম কিছুটা বৃদ্ধি পাওয়ায় গত মাসে মূল্যস্ফীতি সামান্য বৃদ্ধি পেয়েছে।”

চলতি ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে সরকার গড় মূল্যস্ফীতি ৫ দশমিক ৮ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা রয়েছে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

পরিকল্পনামন্ত্রী বলেন, অক্টোবর মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি ৫ দশমিক ১০ শতাংশ থেকে বেড়ে ৫ দশমিক ৫৬ শতাংশ হয়েছে। খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি ৬ দশমিক ১৯ শতাংশ থেকে কমে ৫ দশমিক ৫৮ শতাংশে হয়েছে।

অক্টোবরে শহর এলাকায় সাধারণ মূল্যস্ফীতি ৭ দশমিক ২১ শতাংশ থেকে কমে ৬ দশমিক ৮৭ শতাংশ হয়েছে। শহরে খাদ্য খাতে মূল্যস্ফীতি ৭ দশমিক ০৩ শতাংশ থেকে সামান্য বেড়ে ৭ দশমিক ০৯ শতাংশ হয়েছে।

তবে শহরে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি আগের মাসের চেয়ে কমে ৭ দশমিক ৪২ শতাংশ থেকে ৬ দশমিক ৬৩ শতাংশে নেমেছে।

গত মাসে গ্রামে সাধারণ মূল্যস্ফীতি ৪ দশমিক ৬৩ শতাংশ থেকে কমে ৪ দশমিক ৮৭ শতাংশ হয়েছে। এর মধ্যে খাদ্য খাতে মূল্যস্ফীতি বেড়ে ৪ দশমিক ২৭ শতাংশ থেকে ৪ দশমিক ৮৯ শতাংশ হয়েছে।

তবে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি ৫ দশমিক ৩১ শতাংশ থেকে কমে ৪ দশমিক ৮৩ শতাংশ হয়েছে।

৪ মাসে এডিপি বাস্তবায়ন ১৪%

সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী জানান, অক্টোবর পর্যন্ত ২০১৬-১৭ অর্থবছরের প্রথম চার মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ১৬ হাজার ৭৭৩ কোটি টাকা ব্যয় করা সম্ভব হয়েছে, যা মোট বরাদ্দের ১৪ শতাংশ।

মন্ত্রী বলেন, “চলতি অর্থবছরের অক্টোবর পর্য়ন্ত এডিপি বাস্তবায়ন আগের বছরের তুলনায় ভালো। ২০১৫-১৬ অর্থবছরের প্রথম চার মাসে এডিপি বাস্তবায়িত হয়েছিল ১১ শতাংশ বা ১১ হাজার ৫০০ কোটি টাকা আর তার আগের অর্থবছরে অক্টোবর পর্য়ন্ত বাস্তবায়িত হয়েছিল ১৩ শতাংশ।”

কামাল জানান, চলতি অর্থবছরের অক্টোবর পর্যন্ত সরকারের নিজস্ব তহবিল থেকে ১০ হাজার ১২৪ কোটি টাকা, প্রকল্প সহায়তা থেকে ৪ হাজার ৮৬১ কোটি টাকা এবং সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে একহাজার ৭৮৮ কোটি টাকা ব্যয় হয়েছে।

শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা সচিব তারিক-উল-ইসলাম ও পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য মোহাম্মদ খুরশেদ আলম চৌধুরী উপস্থিত ছিলেন।