করের টাকা দিতে দীর্ঘ অপেক্ষায় অসন্তোষ
বৃষ্টি উপেক্ষা করে জাতীয় আয়কর মেলায় করের টাকা জমা দিতে এসে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকতে হওয়ায় অসন্তোষ জানিয়েছেন করদাতাদের অনেকে।
মেলার পঞ্চম দিন শনিবার আগারগাঁওয়ে নির্মাণাধীন জাতীয় রাজস্ব ভবনে করদাতাদের ভিড় আগের দিনগুলোকে ছাড়িয়েছে।
এতে মেলায় আসা প্রায় প্রত্যেককেই সেবা পেতে দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়। অপেক্ষার সময়ে বৃষ্টিতে ভিজতে দেখা গেছে কাউকে কাউকে।
এভাবে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন কর জমা দিতে আসা চাকরিজীবী রাহিব হাসান
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাসা থেকে সমস্ত কিছু করে নিয়ে এসেছি, এখানে এসে টাকা দিতে গিয়ে সোয়া দুই ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হল।”
আরেক চাকরিজীবী ইকবাল আনসারি খান বলেন, “গত কয়েক বছর ধরে মেলায় কর দিচ্ছি, মেলায় কর দেই কারণ সব এক জায়গায় পাওয়া যায়।
“কিন্তু এবার এই যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছি এটা ভালো লাগছে না। বাসা থেকে সব নিজে করে নিয়ে এসেছি, কিন্তু এখানে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।”
সকাল থেকে দিনভর বৃষ্টির মধ্যেই এদিন মেলায় দেখা যায় করদাতাদের উপচেপড়া ভিড়।
মেলায় ফর্ম পূরণের জন্য বসার জায়গা না পেয়ে অনেককে মেঝেতে বসে তা করতে দেখা যায়।
এতোদিন বেইলি রোডে অফিসার্স ক্লাবে আয়কর মেলা হত। এবারই প্রথম আগারগাঁওয়ে নির্মাণাধীন এনবিআরের ভবনে মেলার আয়োজন করা হয়েছে।
এবার মেলার প্রথম দিন থেকেই কর আদায়ের পরিমাণ আগের বছরের দিনগুলো থেকে বেশি হচ্ছে। রিটার্ন দাখিলের সংখ্যাও তুলনামূলক বেশি।
