করদাতার সংখ্যা বাড়ায় সন্তুষ্ট অর্থমন্ত্রী
দেশে নতুন করদাতার সংখ্যা বাড়ছে বলে সন্তোষ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রাজধানীতে আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেছেন, “আজ এই অনুষ্ঠানে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে, আমাদের মেলা আয়োজনের উদ্দেশ্য সফল হয়েছে। নতুন করদাতার সংখ্যা বেশ বাড়ছে।”
চলতি অর্থবছরের ১৫ অক্টোবর পর্যন্ত দেশে টিআইএনধারীর (কর শনাক্তকরণ নম্বরধারী) সংখ্যা ২১ লাখে উন্নীত হয়েছে বলে অর্থমন্ত্রী হালনাগাদ তথ্য তুলে ধরেন ।
তিনি বলেন, “গত অর্থবছর শেষে দেশে টিআইএনধারীর সংখ্যা ছিল ১৮ লাখ। একটা ভদ্র-সম্মানজনক করদাতা সংখ্যার দিকে আমরা যাচ্ছি।”
আগারগাঁওয়ে নির্মাণাধীন জাতীয় রাজস্ব (এনবিআর) ভবনে মঙ্গলবার থেকে শুরু হয়েছে সাত দিনের আয়কর মেলা। ঢাকার সঙ্গে বিভাগীয় ও জেলা পর্যায়েও এই মেলা হচ্ছে।
এতোদিন প্রকৃত করদাতার সংখ্যা ১৩ লাখ ছিল জানিয়ে মুহিত বলেন, “যা ছিল লজ্জার বিষয়। এটা উন্নতির জন্য আমরা অনেক পদক্ষেপ নিয়েছি।
অর্থবছর শেষে টিআইএনধারীর সংখ্যা ২৫ লাখে উন্নীত হবে বলে আশাপ্রকাশ করলেও অর্থমন্ত্রী বলেন, “এটাও বিশ্বের যে কোনো দেশের সঙ্গে তুলনা করলে মোটেই খুশির নয়।”
বর্তমান সরকারের শেষ মেয়াদেই (২০১৮-১৯) বাজেটের আকারও বেড়ে পাঁচ লাখ কোটি টাকা হবে বলেও তার আশা।
মুহিত বলেন, জনগণকে আয়কর দিতে উদ্বৃদ্ধ ও সচেতন করতে ২০১০ সাল থেকে করমেলার আয়োজন করা হচ্ছে।
“মেলা ঘুরে আমার খুবই ভালো লাগছে। স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরাও মেলায় এসেছে। মনে হচ্ছে, তারাও কর দিতে এসেছে। খুবই উৎসাহ-উদ্দীপনা।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ, এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান ও সদস্য আব্দুর রাজ্জাক বক্তব্য রাখেন।
অর্থ প্রতিমন্ত্রী বলেন, কর কাঠামোকে আরও সহজ করতে সংস্কার চলছে। এটা চলমান বিষয়, ভবিষ্যতে আরও সহজ হবে।
রাজস্ব ফাঁকি রোধ ও বকেয়া রাজস্ব আদায়ে ‘উন্নত দেশগুলোর মতো ট্যাক্স পুলিশ’ গঠনের প্রস্তাব দেন এফবিসিসিআই সভাপতি।
“সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা ট্যাক্স-ভ্যাট দিতে চায়। তবে তারা দেওয়ার পদ্ধতি আরও সহজ চায়।”
করমেলা উদ্বোধনের পর অর্থমন্ত্রী অনলাইনে আয়কর প্রদানের প্রদ্ধতিরও উদ্বোধন করেন। এখন থেকে ঘরে বসেই করদাতারা তাদের আয়কর বিবরণী অনলাইনে জমা দিতে পারবেন।
রাজধানী ঢাকাসহ দেশের সকল বিভাগীয় শহরে ১ থেকে ৭ নভেম্বর করমেলা চলবে। সেইসঙ্গে সকল জেলা শহর এবং ৮৬টি উপজেলা শহরেও কর মেলার আয়োজন করা হয়েছে।
প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই মেলা চলবে।
