২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নয়নের ভবিষ‌্যৎ নির্ভর করছে এনবিআরের ওপর: অ‌্যাটর্নি জেনারেল

সরকার নিজস্ব অর্থায়নে যেসব বড় প্রকল্প হাতে নিয়েছে, তার সাফল‌্য কর কর্মকর্তাদের ওপর নির্ভর করছে বলে মন্তব‌্য করেছেন অ‌্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2016, 03:58 PM

Updated : 20 Aug 2022, 01:50 PM

সোমবার এক মতবিনিময় সভায় তিনি বলেছেন, কর কর্মকর্তারা তাদের কাজে সফল হলে দেশের উন্নয়নও ত্বরান্বিত হবে।

‘উচ্চ আদালতে বিচারাধীন রাজস্ব বিষয়ক মামলার ব্যবস্থাপনা’ শীর্ষক এ মতবিনিময় সভার জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান ও সদস্য ফরিদ উদ্দিনও উপস্থিত ছিলেন।

অ‌্যাটর্নি জেনারেল বলেন, “সরকার পদ্মাসেতুর মতো যেসব বড় প্রকল্প নিজস্ব অর্থায়নে করার সিদ্ধান্ত নিয়েছে, তার সফলতা নির্ভর করছে কর কর্মকর্তাদের ওপর।”

চলতি ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে মোট রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৭৫২ কোটি টাকা। এর মধ্যে ২ লাখ ৩ হাজার ১৫২ টাকা জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত কর থেকে আসবে বলে আশা করা হচ্ছে। আর আয়কর থেকে রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছে ৭১ হাজার ৯৪০ কোটি টাকা।

বাংলাদেশের আয়কর আইনকে ‘সবচেয়ে কঠিন আইনগুলোর একটি’ হিসেবে বর্ণনা করেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। এ আইন ‘ভালোভাবে বুঝে তা প্রয়োগ করার’ জন‌্য কর কর্মকর্তা ও আইনজীবীদের নিয়মিত প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেন তিনি।

উচ্চ আদালতে বিচারাধীন রাজস্ব বিষয়ক মামলায় সহযোগিতার আশ্বাস দিয়ে একবিআর কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা করব। আপনারা আমাদের কাছে (অ‌্যাটর্নি জেনারেলের অফিস) আসতে দ্বিধা করবেন না। সব সময় যোগাযোগ রাখবেন।”

মাহবুবে আলম কর বিভাগকে একটি দেশের হৃদপিণ্ডের সঙ্গে তুলনা করেন এবং দেশের উন্নয়নের জন্য এ বিভাগের সক্রিয়তার গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, “উন্নত বিশ্বে কর ফাঁকি দেওয়া একটি অগ্রহণযোগ্য কাজ। আমাদের দেশে তা বোঝা যায় না।... আমাদের দেশে প্রধানত দুই ভাবে কর ফাঁকি দেওয়া হয়। এড়িয়ে গিয়ে, আর ফাঁকি দিয়ে।”

এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান অ‌্যাটর্নি জেনারেল অফিস ও রাজস্ব বোর্ডের মধ্যে সমন্বয়ের মাধ‌্যমে রাজস্ব সংক্রান্ত মামলা নিষ্পত্তির হার বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন।

“দেশের আর্থ সামাজিক উন্নয়নের জন্য আমরা রাজস্ববান্ধব সংস্কৃতি গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছি। আমরা এজি অফিসের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বিকল্প বিরোধ নিষ্পত্তি বিভাগকে আরও শক্তিশালী করে যাচ্ছি।”

আদালতে রাজস্ব বিভাগের প্রতিনিধির বক্তব্য দেওয়ার সুযোগ, নির্ধারিত বেঞ্চের সংখ্যা বৃদ্ধি এবং যেসব মামলা জয়ের সম্ভাবনা বেশি, সেসব মামলাকে অগ্রাধিকার দেওয়াসহ ১৫টি দাবি এসময় অ‌্যাটর্নি জেনারেলের সামনে তুলে ধরেন নজিবুর। 

এনবিআর সদস্য (শুল্ক নীতি) ফরিদ উদ্দিন বলেন, ২০১১-১২ অর্থবছরে সিমকার্ড মামলায় সুপ্রিম কোর্টের অনেক বড় বড় আইনজীবীদের বিরুদ্ধে লড়ে অ‌্যাটর্নি জেনারেল এনবিআরকে জিতিয়েছিলেন। ওই বছর মোবাইল কোম্পানির লাইসেন্স ফি বাবদ ৭৩০ কোটি টাকার মামলায় জয় পাওয়া ছিল আরেকটি বড় সাফল‌্য।

এজি অফিস ও এনবিআর ‘অংশীদারিত্বের ভিত্তিতে’ কাজ করায় ওই সাফল‌্য এসেছিল বলে মন্তব‌্য করেন তিনি।

যে সংখ‌্যক কর সংক্রান্ত মামলা আদালতে ঝুলে আছে, সেগুলোর নিষ্পত্তি করা গেলে এবং ৫ থেকে ৭ হাজার কোটি টাকা আদায় করা গেলেও তা একটি বড় অর্জন হবে বলে মন্তব‌্য করেন ফরিদ উদ্দিন।

রাজধানীর সিদ্ধেশ্বরীতে বিসিএস কর একাডেমি মিলনায়তনে এ আলোচনাসভা হয়।