২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেন্দ্রীয় ব্যাংককে সতর্ক থাকতে বললেন মুহিত

সোনালী ও বেসিক ব্যাংকের মতো অর্থ কেলেঙ্কারির ঘটনার পুনরাবৃত্তি এড়াতে কেন্দ্রীয় ব্যাংককে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2016, 07:45 PM

Updated : 11 Oct 2022, 08:39 PM

রোববার বাংলাদেশ ব্যাংকে গভর্নর ফজলে কবির, দুই ডেপুটি গভর্নর এবং নির্বাহী পরিচালকদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

মুহিত বলেন, “আগামী দুই বছরের মধ্যে সোনালী ব্যাংককে একটি আদর্শ ব্যাংক হিসেবে দেখতে চাই। আর এজন্য কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি বাড়ানোসহ যা কিছু করা দরকার সবই করতে হবে।”

রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকে হলমার্ক এবং বেসিক ব্যাংকের অর্থ কেলেঙ্কারির ক্ষতি এখনো কাটিয়ে ওঠা সম্ভব হয়নি বলেও মন্তব‌্য করেন তিনি।

মন্ত্রী বলেন, “আমরা ব্যাংকিং খাতে শৃংখলা ফিরিয়ে আনতে চাই। ইতিমধ্যেই আমরা ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদে অভিজ্ঞ এবং দক্ষ লোকজন নিয়োগ দিয়েছি। নতুন এমডিরাও (ব্যবস্থাপনা পরিচালক) দায়িত্ব নিয়েছেন। আশা করছি ব্যাংকিং খাতে সুদিন ফিরে আসবে।”

এর আগে দুপুর ২টার দিকে অর্থমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে যান। ৩টায় বাংলাদেশ ব্যাংকের বোর্ড রুমে গভর্নর ফজলে কবির, দুই ডেপুটি গভর্নর এবং নির্বাহী পরিচালকদের সঙ্গে বৈঠকে বসেন।

ঘণ্টাব‌্যাপী বৈঠকের শুরুতেই কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম এবং ব্যাংকিং খাত নিয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

এরপর অর্থমন্ত্রী তার বক্তব‌্যে ব্যাংকিং খাতে ডিজিটাইলাইজেশনের প্রসঙ্গ তুলে ধরে বলেন, “মোবাইল ব্যাংকিংসহ ব্যাংকিং খাতে ডিজিটাইলাইজেশনে আতিউর রহমান অনেক কিছু করেছেন।

“তবে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জঙ্গি অর্থায়ন হচ্ছে কিনা- সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। নজরদারি বাড়াতে হবে।”

বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংক মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সেখানে মুহিত বলেন, “সোনালী ব্যাংকের টাকা নিয়ে বহু অনিয়ম হয়েছে। বেসিক ব্যাংক অনেক বিপদে আছে। তাদের সংস্কার প্রয়োজন।

“আর এটা হচ্ছে। এটা আমি বার বার বলছি; এখনো বলছি যারা এসব দুষ্কর্মের সাথে জড়িত ছিল সরকার তাদের শাস্তি দিচ্ছে।”

আলোচনায় অর্থপ্রতিমন্ত্রী এম এ মান্নান, গভর্নর ফজলে কবির বলেন, ডেপুটি গভর্নর আবু হেনা মো. রাজী হাসান, এসকে সুর চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।