২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিজার্ভ চুরি: রিজল ব্যাংককে ২ কোটি ডলার জরিমানা

নিউ ইয়র্কের অ্যাকাউন্ট থেকে হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশের অর্থ চুরির ঘটনায় জড়িত ফিলিপিন্সের রিজল কমার্শিয়াল ব্যাংককে (আরসিবিসি) এক বিলিয়ন পেসো বা প্রায় ২ কোটি ১০ লাখ ডলার জরিমানা করার ঘোষণা দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2016, 04:24 PM

Updated : 12 Apr 2022, 02:36 AM

ফিলিপিন্সের কেন্দ্রীয় ব্যাংক শুক্রবার এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

দেশটির কোনো ব্যাংকের উপর ‘নজরদারিমূলক জরিমানার পদক্ষেপ’ হিসেবে এটাই সবচেয়ে বড় অঙ্ক বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

আলাদা বিবৃতিতে আরসিবিসি বলেছে, এক বছরের মধ্যে এই জরিমানা পরিশোধ করা হবে।

গত ফেব্রুয়ারির শুরুতে সুইফট সিস্টেম ব্যবহার করে ৩৫টি ভুয়া বার্তা পাঠিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের প্রায় এক বিলিয়ন ডলার সরানোর চেষ্টা হয়।

এর মধ্যে চারটি মেসেজের মাধ্যমে আরসিবিসিতে সরিয়ে নেওয়া ৮ কোটি ১০ লাখ ডলারের একটি বড় অংশ পরে ফিলিপিন্সের জুয়ার টেবিলে চলে যায়।

(১ ডলার = ৪৬.৮৯০০ ফিলিপিনো পেসো)