২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খামারিদের ঋণ বিতরণে অনিয়মের অভিযোগ প্রাণিসম্পদমন্ত্রীর

দুধের উৎপাদন বাড়াতে পশুপালনকারীদের জন্য ৫ শতাংশ সুদে যে ঋণ বিতরণ করা হচ্ছে তাতে অনিয়মের অভিযোগ পাওয়ার কথা জানিয়েছেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2016, 07:41 PM

Updated : 20 Aug 2022, 01:21 PM

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে দুগ্ধ উৎপাদনের এই ঋণ দেওয়ার কথা থাকলেও ব্যাংকগুলো তাদের না জানিয়েই নিজেদের ইচ্ছামত লোকজনকে ঋণ দিচ্ছে বলে নিজস্ব উদ্যোগে করা অনুসন্ধানে প্রমাণ পাওয়ার অভিযোগও করেছেন মন্ত্রী।

বুধবার রাজধানীতে এক সভার বক্তব্যে তিনি বলেন, “দুধ উৎপাদন বাড়াতে পশুপালনকারীদের মধ্যে মাত্র ৫ শতাংশ হারে খামারি পর্যায়ে যে ঋণ দেওয়া হচ্ছে, তা যথাযথ লোককে দেওয়া হচ্ছে না।”

সারা দেশ থেকে এই অভিযোগ পাওয়া যাচ্ছে জানিয়ে নিজের নির্বাচনী এলাকা নাসির নগরের চিত্র তুলে ধরেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসন থেকে নির্বাচিত সাংসদ ছায়েদুল হক।

তিনি বলেন, “নাসির নগরে সোনালী ও কৃষি ব্যাংক ১৫ জনকে ঋণ দিয়েছে। আমি সেই ১৫ জনের বাড়িতে লোক পাঠিয়ে জানলাম, তারা ব্যাংকের সাবেক গার্ড বা কেরাণীদের ঋণ দিয়েছে।

“যথাযথ কোনো খামারিকে এ ঋণ দেওয়া হয় নি। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে এই দুগ্ধ উৎপাদন ঋণ দেওয়ার কথা থাকলেও তাদের না জানিয়েই ব্যাংকের ইচ্ছা মতো যাকে ইচ্ছা ঋণ দিচ্ছে।”

মন্ত্রী বলেন, “আমি অনুসন্ধানে আরও জেনেছি, যাদের এ ঋণ দেওয়া হয়েছে… তারা কেউ দুগ্ধ গাভী বা কোনো প্রাণী কেনেন নি।”

প্রাণী সম্পদ অধিদপ্তরের কেআইবি মিলনায়তনে ‘দুধে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে ৫ শতাংশ সুদে ঋণ বিতরণ কর্মসূচি মনিটরিং: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিরাপদ মাংস উৎপাদনের পর্যালোচনা’ শিরোনামে ওই সভা হয়।

সভায় উপস্থিত বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিসহ বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রতিনিধিদের কাছে দেশকে দুগ্ধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করতে যথাযথ খামারিদের কাছে ঋণ দেওয়া আহ্বান জানান মন্ত্রী ছায়েদুল হক।

এসময় দুধের ঘাটতি পূরণে গবাদী পশুর জন্মহার বাড়ানোর উপর গুরুত্বারোপ করে দারিদ্র্য বিমোচনেও এ খাত বিশাল ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন মৎস ও প্রাণিসম্পদমন্ত্রী।

অনুষ্ঠানে মৎস ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন, “কৃষি খাতে সরকার ভর্তুকি ও কম সুদে ঋণ দিয়ে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। সরকারের এ কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।”

প্রতিমন্ত্রীও দুগ্ধ উৎপাদন বাড়াতে ব্যাংকগুলোকে সঠিক লোককে ঋণ দেওয়ার আহ্বান জানান।

এসময় তিনি মন্ত্রণালয়ের উপজেলা পর্যায়ের কর্মকর্তারা যাতে প্রাণিসম্পদ ব্যবস্থাপনায় যথাযথ সেবা দিতে পারেন সেজন্য গাড়ির ব্যবস্থা করা দরকার বলে মত দেন।

প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মাকসুদুল হাসান খান বলেন, “গত বছর ভারতীয় গরু ছাড়ায় ঈদুল আযহা সফলভাবে পালন করা সম্ভব হয়েছে। এ সফলতা ধরে রাখতে ভবিষ্যতে প্রাণী সম্পদের উৎপাদন বাড়াতে কার্যক্রম বাড়াতে হবে।”

অনু্ষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভংকর সাহা জানান, আশির দশকেও কৃষি ঋণের চাহিদার মাত্র ২৫ ভাগ দিতে পারতো সরকার। এখন চাহিদার প্রায় ৮০ শতাংশ যোগান দিচ্ছে।

চলতি অর্থবছরের জন্য সরকার ১৭ হাজার ৫০০ কোটি টাকার কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলে অনুষ্ঠান থেকে জানানো হয়।