৩টি নতুন বিদ্যুৎ কেন্দ্র, একটি বেক্সিমকোর
তিনটি নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রস্তাব অনুমোদন করেছে সরকার, এর একটি বেক্সিমকো গ্রুপ করছে।
চীনা কোম্পানির সঙ্গে মিলে বেক্সিমকো পাওয়ার কোম্পানির সৌরবিদ্যুৎ কেন্দ্রটি হবে গাইবান্ধায়। অন্য দুটির একটি করছে চীনের কোম্পানি, এটি হবে খুলনায়; অন্যটি করছে জাপানি ও বাংলাদেশি কোম্পানি, এটি হবে সিলেটে।
সচিবালয়ে বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই বিদ্যুৎকেন্দ্রগুলোর প্রস্তাব অনুমোদন হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, গাইবান্ধায় বেক্সিমকো পাওয়ার লিমিটেড এবং চীনের জিনজিয়াং টিবিইএ সুনোওয়াসিস কোম্পানি লিমিটেড কর্তৃক স্থাপিত ২০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ কিনবে সরকার।
“এখান থেকে ২০ বছর বিদ্যুৎ সরবরাহ করা হবে। প্রতি কিলোওয়াট ঘণ্টা ১২টাকা করে এই বিদ্যুৎ সরকার কিনবে।”
সিলেটের গোয়াইনঘাটে ৫ মেগাওয়াট পিক ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্রটি করছে জাপানের ইকি সোজি কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশের সান সোলার পাওয়ার প্ল্যান্ট লিমিটেড।
“এখানে ১১ দশমিক ১২ টাকা প্রতি কিলোওয়াট ঘণ্টা হিসাবে বিদ্যুৎ কেনা হবে,” বলেন মোস্তাফিজুর।
খুলনায় ২০০-৩০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার বিদ্যুৎকেন্দ্রটি করছে চীনের কোম্পানি কনসোর্টিয়াম হারবিন ইলেকট্রিক ইন্টারন্যাশনাল লিমিটেড এবং জিয়ানশু ইটার্ন কোম্পানি লিমিটেড।
এই বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণে ২ হাজার ৩৭০ কোটি ১৪ লাখ টাকা ব্যয় হবে বলে জানান অতিরিক্ত সচিব।
তিনি জানান, এছাড়াও ভারতের খোলা বাজার থেকে পিটিসির মাধ্যমে ক্রয়কৃত ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির মেয়াদ ৬ মাস বাড়ানোর প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।
