২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সঞ্চয়পত্রের বিক্রি বেড়েছে ২৫%

সুদের হার কমানোর পরও গত অর্থবছরে সবমিলিয়ে ৫৩ হাজার কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে, যা আগের বছরের চেয়ে ২৫ শতাংশ বেশি।

আবদুর রহিম হারমাছি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2016, 09:32 AM

Updated : 12 Apr 2022, 02:34 AM

সঞ্চয়পত্র বিক্রির এই উল্লম্ফনে সরকারের ঋণের বোঝা আরও বেড়েছে। ফলে সরকারকে এখন ঋণ পরিশোধে আরও বেশি অর্থ খরচ করতে হবে বলে জানিয়েছেন অর্থনীতির গবেষক জায়েদ বখত।

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত ৩০ জুন শেষ হওয়া ২০১৫-১৬ অর্থবছরে সবমিলিয়ে ৫৩ হাজার ১১০ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে।

এ থেকে আগে বিক্রি হওয়া সঞ্চয়পত্রের সুদ এবং মেয়াদ পূর্তির পর আসল শোধ করা হয়েছে ১৯ হাজার ৪২২ কোটি টাকা।

এ হিসাবে নিট বিক্রি দাঁড়িয়েছে ৩৩ হাজার ৬৮৮ কোটি টাকার।

এই অর্থ সরকারের কোষাগারে জমা থাকবে। প্রয়োজন পড়লে সরকার এই অর্থ খরচ করবে। সরকার এই টাকা খরচ করুক বা না করুক গ্রাহকদের সুদ বা মুনাফা দিতে হবে।

এ কারণে অর্থনীতির পরিভাষায় সঞ্চয়পত্রের নিট বিক্রিকে সরকারের ‘ঋণ’ বা ‘ধার’ হিসেবে গণ্য করা হয়।

বিক্রি অস্বাভাবিক বেড়ে যাওয়ায় এই ঋণের বোঝা কমাতে ২০১৫ সালের এপ্রিল মাসে সব ধরনের সঞ্চয়পত্রের সুদের হার গড়ে ২ শতাংশ করে কমানো হয়।

গত বছরের এপ্রিল মাসের আগ পর্যন্ত পাঁচ বছর মেয়াদি এক লাখ টাকার পরিবার সঞ্চয়পত্র কিনলে প্রতি মাসে এক হাজার ৭০ টাকা মুনাফা পেতেন একজন গ্রাহক। সুদের হার কমায় এখন পাচ্ছেন ৯১২ টাকা। তারপরও বিক্রি কমছে না।

এর ব্যাখ্যায় বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক জায়েদ বখত বলেন, “সাধারণ মানুষের বিনিয়োগের অন্য সব পথ প্রায় রুদ্ধ হয়ে গেছে বলা চলে। ব্যাংকে টাকা রাখলে ৬/৭ শতাংশ সুদ পাওয়া যায়। শেয়ার বাজারের অবস্থা তো দিন দিন আরও খারাপ হচ্ছে।

“তাই সুদ হার কমানোর পরও ব্যাংকগুলোর আমানতের সুদের হারের চেয়ে বেশি মুনাফা পাওয়ায় সবচেয়ে বেশি নিরাপদ বিনিয়োগ সঞ্চয়পত্রের দিকেই ঝুঁকছে মানুষ।”

চলতি ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে সরকার সঞ্চয়পত্র থেকে ১৯ হাজার ৬১০ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য ধরেছে।

গত ২০১৫-১৬ অর্থবছরের মূল বাজেটে এই লক্ষ্য ছিল ১৫ হাজার কোটি টাকা। বিক্রি বাড়ায় সংশোধিত বাজেটে তা প্রায় দ্বিগুণ বাড়িয়ে ২৮ হাজার কোটি টাকায় নিয়ে যাওয়া হয়। কিন্তু অর্থবছর শেষে নিট বিক্রি তার চেয়েও ৫ হাজার ৬৮৮ কোটি টাকা বেড়ে ৩৩ হাজার ৬৮৮ কোটি টাকায় পৌঁছায়।

চলতি অর্থবছরের বাজেটে অভ্যন্তরীণ ঋণের সুদ পরিশোধে ৩৮ হাজার ২৪০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। যার উল্লেখযোগ্য অংশ সঞ্চয়পত্রের সুদ পরিশোধে খরচ হবে।

গত ২০১৫-১৬ অর্থবছরে সঞ্চয়পত্রের গ্রাহকদের সুদ-আসল পরিশোধে প্রায় ২০ হাজার কোটি টাকা খরচ হয়।

সঞ্চয়পত্রের বিক্রি বাড়ায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও কিছুটা চিন্তিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আসলে বাজারের অন্যান্য সঞ্চয় উপকরণের চেয়ে তুলনামূলক আকর্ষণীয় সুদ হারের কারণে সঞ্চয়পত্রের বিক্রি বাড়ছে। এতে সরকারের সুদ-ব্যয়ও বাড়াচ্ছে।”

এ পরিস্থিতিতে সুদের হার আরেক দফা কমানো হবে কিনা জানতে চাইলে মুহিত বলেন, এখনও তেমন কিছু সরকার ভাবছে না।

তবে ২৬ জুলাই ২০১৬-১৭ অর্থবছরের জুলাই-ডিসেম্বর মেয়াদের মুদ্রানীতি ঘোষণার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, সঞ্চয়পত্রের সুদ হার কমানোর বিষয়ে সরকারকে তারা পরামর্শ দেবেন।