বিচলিত হবেন না, বিনিয়োগকারীদের অর্থমন্ত্রী
গুলশান হামলায় বিদেশি বিনিয়োগে কোনো প্রভাব পড়বে না মন্তব্য করে আইনশৃঙ্খলা নিয়ে দেশি বিনিয়োগকারীদের বিচলিত না হওয়ার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
ঈদের ছুটির পর সোমবার মন্ত্রণালয়ে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মন্ত্রীর কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, বর্তমান পরিস্থিতিতে দেশি বিনিয়োগকারীদের আশ্বস্ত করার মতো কোনো বক্তব্য আছে কিনা।
জবাবে মুহিত বলেন, “আপনাদের কাছে আমার বক্তব্য হলো, আপনারা দেখেছেন, হাউ উই আর সিরিয়াস অ্যাবাউট মেইনটেইনিং ল অ্যান্ড অর্ডার। ইয়েস, এ ট্রাজেডি হ্যাজ হ্যাপেন্ড, মোস্ট সফিসটিকেডেট কান্ট্রিতেও ঘটতে পারে। সুতরাং এটা নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই।”
গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে বন্দুকধারীরা হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে। নিহত বিদেশিদের মধ্যে নয়জন ইতালির, সাতজন জাপানের ও একজন ভারতের নাগরিক।
প্রাণ হারানো ইতালির নাগরিকদের বেশিরভাগই ছিলেন গার্মেন্ট ব্যবসায়ী। জাপানের সাতজনই ছিলেন জাইকার প্রকল্পে যুক্ত।
হামলার পর ভারত, ইতালি, জাপান বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে। জাইকাও বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখার কথা বলেছে।
গুলশানের ঘটনা বিদেশি বিনিয়োগে প্রভাব ফেলবে কি না- এমন প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, “মাই ভিউ ইজ টোটালি রাবিশ, ইট উইল হ্যাভ নো ইফেক্ট।”
অবশ্য পরক্ষণেই তিনি বলেন, “কিছুটা তো হবেই, একটা শক...।”
হামলার পর বিদেশিদের প্রতিক্রিয়া সম্পর্কে মুহিত বলেন, “ইট হ্যাজ অলরেডি ডেমোনেস্ট্রেটেড বাই একটিভিটিজ অব আওয়ার পার্টনার্স। জাপান হ্যাজ অলরেডি নমিনেটেড ফর এ ফাইভ সাকসের্স অব আনফরচুনেট ভিক্টিমস। তারাই সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে। এটা (এই ধরনের জঙ্গি হামলা) হয়, যে কোনো দেশেই হতে পারত।
“পয়েন্ট যেটা প্রকাশিত হয়েছে, এই সরকার, এই দেশ ভেরি স্ট্রংলি অ্যাগেইনস্ট টেরোরিজম। আমার ধারণা, দেয়ার উইল নট বি ইমপেক্ট অন ইনভেস্টমেন্ট অর ইনভেস্টমেন্ট ক্লাইমেট ইন দ্য কান্ট্রি।”
গুলশান হামলার পর বাংলাদেশের উন্নয়নে পাশে থাকবে বলে জাপানের দেওয়া ঘোষণাকে ‘স্বাভাবিক’ বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী।
এক সময় বাংলাদেশ ‘সন্দেহভাজন’ দেশের তালিকায় ছিল জানিয়ে তিনি বলেন, “আমরা একটা সাসপেক্ট কান্ট্রি ছিলাম, সেখান থেকে বের হয়ে এসেছি। আওয়ার পারফর্মেন্স অ্যান্ড স্টেপস হ্যাজ ইম্প্রুভড। উই আর ডিটারমিন টু স্টপ টেরোরিজম।”
অবশ্য ঈদের আনন্দে গুলশান হামলার বড় ধরনের প্রভাব পড়েছিল বলে স্বীকার করেন মুহিত।
“সমস্ত আনন্দ ট্রাজেডি দ্বারা ঢাকা পড়ে গেছে। যেটা দুদিন আগে হয়। এটা খুবই ইফেক্ট করেছে। (ঈদের নামাজের) ওয়াজেও (গুলশান প্রসঙ্গ) এসেছে।
“ওভার অল ঈদটা ভালোই হয়েছে। (জঙ্গি হামলার বাইরে) কোনো রকম গোলমাল হয় নাই। গাড়ি দুর্ঘটনা এটা স্বাভাবিক, সব সময়ই হয়। (ঈদে) মানুষের ঘোরাফেরা বাড়ে। এক্সিডেন্ট একটু বেশি হয়। তবে এখন আগের চেয়ে ভালো অবস্থা। যে সব জায়গা অনেক দুর্গম ছিল, সে সব জায়গাও সহজে যাওয়া যায়। দেশটা অনেক একীভূত হয়েছে, ইন্ট্রিগ্রেটেড ইকোনোমি।”
