২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০১৯ সালের পর গ্যাসের অভাব থাকবে না: অর্থমন্ত্রী

বেসরকারি বিনিয়োগের ক্ষেত্রে জ্বালানিকে অন্যতম প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করে ২০১৯ সাল নাগাদ বিষয়টির সমাধান করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2016, 01:58 AM

Updated : 11 Oct 2022, 08:25 PM

পুরনো খবর:

গ্যাস পেতে আরও দুই বছর: বিনিয়োগকারীদের অর্থমন্ত্রী

শনিবার জাতীয় প্রেস ক্লাবে ‘স্বপ্নপূরণের বাজেট’ শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, বেসরকারি বিনিয়োগে প্রধান সমস্যা জ্বালানি। ২০১৯ সালের মধ্যে এর সমাধান করা হবে।

“২০১৯ সালের পর যে যা চাইবে… সবাই গ্যাস পাবে। পরের ৫০ বছর পর্যন্ত গ্যাসের কোনো অভাব থাকবে না।”

বাংলাদেশ স্টাডি ট্রাস্টের আয়োজনে এই আলোচনা সভায় অর্থমন্ত্রী ভ্যাট আইনকে ‘মহা সমস্যা’ হিসেবে আখ্যায়িত করেন।

“ভ্যাট আইন মহা সমস্যা। যদি আমাদের ব্যবসায়ীরা একটু নমনীয় হন তাহলে এটা সহজ হবে। তারা হিসাব রাখেন না, ভ্যাট আইনের জন্য এটা খুবই জরুরি। আমি চিন্তা করছি সাবসিডি দিয়ে তাদেরকে হিসাবের মেশিন দেব।”

এ সময় সরকারের পক্ষ থেকে করদাতার সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মুহিত।

তিনি বলেন, “আমরা কর দাতার সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছি। আগামী বছর শেষে আমাদের লক্ষ্য ১৫ লাখ করদাতা; আর সরকারের টেনিউর শেষে ২০১৯ সালে এই কর দাতাকে আমরা ২০ থেকে ২১ লাখে নিতে চাই।”

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাস উদ্দিন।

মোহাম্মদ ফরাস উদ্দিন বলেন, “বাজেটের আকার বড় হয়নি… এটা আরও বড় করা যেত। এবারের বাজেট তিন লাখ ৮৫ হাজার কোটি টাকা হতে পারত। তবে বাজেট অত্যন্ত সুন্দর হয়েছে।

“বাজেটকে আরেকটু শিল্পবান্ধব করা গেলে ভাল হয়।”

নতুন ভ্যাট আইনকে চলএ সময় তিনি বলেন ভ্যাট আইনটি এ বছর থেকে বাস্তবায়ন করা গেলে ভাল হত এবং তিনি আরো কিছু খাতের কথা উল্লেখ করেন যেখান থেকে কর সংগ্রহ বাড়ানো যায় ।

কর সংগ্রহ বাড়াতে বেশ কিছু খাতের কথা উল্লেখ করে সাবেক এই গভর্নর বলেন “গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে সোয়া এক কোটি লোক আছে… যারা বছরে চার লাখ টাকা আয় করে, অথচ কর দিচ্ছেন মাত্র ১২ লাখ।”

বাংলাদেশের অর্থনীতি ‘সঠিক রাস্তায়’ আছে বলে মন্তব্য করেন মোহাম্মদ ফরাস উদ্দিন।

তিনি বলেন “বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন সময় ধরনের পরিবর্তন হলেও অর্থনীতির প্রবৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়নি।এ থেকে বলা যায় অর্থনীতি সবসময় বিজ্ঞজনের হাতে ছিল। এর ফলে ২০০৭ ও ২০০৯ সালে বিশ্বমন্দার প্রভাব পড়েনি।”

আলোচনায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, “বাজেট নিয়ে আমরা উৎসাহী, কারণ এটা বড় বাজেট। অর্থমন্ত্রীর বয়সের সেরা বাজেট।

“মূল বিষয় হচ্ছে, প্রবৃদ্ধি বা টেকসই উন্নয়ন। আমরা জানি রপ্তানি গতিশীলতা ঋণ প্রবৃদ্ধি হলে বাজেট বাস্তবায়নযোগ্য হবে।”

আলোচনায় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন। সভা থেকে বাজেটকে বাস্তবায়নযোগ্য দাবি করে এর বিভিন্ন চ্যালেঞ্জের দিক নিয়ে আলোচনা করা হয়।

এ সময় অন্যদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর কামরুল হাসান খান, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের ভাইস-চেয়ারম্যান সাদিক আহমেদ এবং একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সহসভাপতি শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী উপস্থিত ছিলেন।