২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এডিপি: পাঁচ বছরে সর্বনিম্ন বাস্তবায়ন

বিদায়ী ২০১৫-১৬ অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত এগারো মাসে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) ৬২ শতাংশ বাস্তবায়ন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2016, 11:19 PM

Updated : 11 Oct 2022, 08:21 PM

বাস্তবায়নের এই হার গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন বলে জানিয়েছেন সাবেক অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম।

তবে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলছেন, টাকার হিসাবে জুলাই-মে সময়ে গত অর্থবছরের একই সময়ের চেয়ে বেশি অর্থ খরচ হয়েছে।

অর্থবছর শেষে বাস্তবায়নের হার ৯০ শতাংশে গিয়ে ঠেকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে আরএডিপির বাস্তবায়নের হালনাগাদ প্রতিবেদন তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী মুস্তফা কামাল।

তিনি বলেন, ৩০ জুন শেষ হতে যাওয়া ২০১৫-১৬ অর্থবছরের ১১ মাসে আরএডিপির ৬২ শতাংশ বাস্তবায়ন হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৬৭ শতাংশ। তার আগের বছর ছিল ৬৬ শতাংশ।

“১১ মাসে এডিপির বাস্তবায়ন ৬২ শতাংশ হলেও অর্থবছর শেষে এই বাস্তবায়ন ৯০ শতাংশের কম হবে না।”

মন্ত্রী বলেন, “আমরা শতাংশের দিক দিয়ে পিছিয়ে থাকলেও অংকের দিক থেকে এগিয়ে আছি। অন্য বছরগুলোতেও যে হারে উন্নয়নে অর্থ ব্যয় হতো, এ বছর তার চেয়ে কম হবে না।”

পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) এডিপি বাস্তবায়নের তথ্য বিশ্লেষণে দেখা যায়, জুলাই-মে সময়ে মোট খরচ হয়েছে ৫৮ হাজার ৭৬ কোটি টাকা। গত বছর একই সময়ে এর পরিমাণ ছিল ৫১ হাজার ৯৯৭ কোটি টাকা বা বরাদ্দের ৬৭ শতাংশ। এর আগের তিন বছরের একই সময়ে যথাক্রমে ৬৬ শতাংশ, ৬৭ শতাংশ ও ৭০ শতাংশ এডিপি বাস্তবায়ন হয়েছিল।

বিদায়ী অর্থবছরে পরিকল্পনা কমিশনের আওতাধীন ৯৭ হাজার কোটি টাকা, যা মূল এডিপি হিসেবে পরিচিত। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ব্যয়ের তিন হাজার ৯৯৭ কোটি টাকাসহ মোট এডিপির আকার ছিল এক লাখ ৯৯৭ কোটি টাকা।

মে মাসে এই এডিপি কাটছাঁট করে ৯৩ হাজার ৮৯৫ কোটি টাকায় নামিয়ে আনা হয়, যা সংশোধিত এডিপি নামে পরিচিত।

জুলাই-মে মাসে সরকারের নিজস্ব তহবিল বা অভ্যন্তরীণ উৎসের ৩৭ হাজার ৫৮৩ কোটি টাকা খরচ হয়েছে। এ ছাড়া বিদেশি সহায়তার ১৭ হাজার ৭৩৪ কোটি টাকা খরচ করেছে মন্ত্রণালয়গুলো। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে দুই হাজার ৭৫৯ কোটি টাকা খরচ হয়েছে।

সাবেক অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিবারই বছরের শেষ দিকে এসে তরিঘরি করে এডিপি বাস্তবায়ন করা হয়। এবারও তার ব্যতয় ঘটছে না। এতে কাজের গুণগতমান ভাল হয় না।

এ থেকে বেরিয়ে আসতে প্রশাসনিক দক্ষতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি।