২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থমন্ত্রী নেই কেন, ফের প্রশ্ন ফিরোজ রশীদের

প্রস্তাবিত বাজেট নিয়ে সাধারণ আলোচনায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও প্রতিমন্ত্রী এম এ মান্নানের অনুপস্থিতিতে আবারও অসন্তোষ প্রকাশ করেছে বিরোধী দল জাতীয় পার্টি।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2016, 02:10 PM

Updated : 20 Aug 2022, 12:58 PM

সোমবার সংসদ অধিবেশনের শুরুতে এ ঘটনা ঘটে।

অধিবেশন শুরুর পর ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া দিনের কার্যসূচিতে থাকা প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করেন।

এরপর ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিতে কুমিল্লার সংসদ সদস্য সুবিদ আলী ভূইয়াকে আহ্বান জানান তিনি।

এসময় জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ ও বিরোধী দলীয় প্রধান হুইপ তাজুল ইসলাম চৌধুরী পয়েন্ট অব অর্ডারে ফ্লোর চান।

ডেপুটি স্পিকার তা না দিলে ফিরোজ রশীদ মাইক ছাড়াই অর্থমন্ত্রী ও প্রতিমন্ত্রীর অনুপস্থিতির বিষয়ে ফজলে রাব্বীর দৃষ্টি আকর্ষণ করেন।

ডেপুটি স্পিকার এসময় বলেন, “মাননীয় সদস্য আপনি বসুন। মাননীয় চিফ হুইপ আপনি বসুন। অর্থ মন্ত্রণালয়ের দু’জন কর্মকর্তা আমার সঙ্গে দেখা করেছেন, তারা এখানে আছেন। মাননীয় সদস্যদের বক্তব্য নোট করার জন্য তারা আছেন।”

রোববারের বাজেট আলোচনায়ও অর্থমন্ত্রী ও প্রতিমন্ত্রীকে না পেয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন ফিরোজ রশীদ।

অধিবেশনের সভাপতি ডেপুটি স্পিকার ফজলে রাব্বীকে উদ্দেশ করে তিনি বলেছিলেন, “আপনাকে বলে কী লাভ হবে? সংসদে অর্থমন্ত্রী নেই, প্রতিমন্ত্রীও নেই। কে আমাদের বক্তব্যের জবাব দেবে? আকাশের সঙ্গে কথা বলব? এখানে কথা বলা আর আকাশের সঙ্গে কথা বলা একই কথা।”

সোমবার বেলা ১১টায় অধিবেশন শুরুর সময় নির্ধারিত থাকলেও তা ১০ মিনিট দেরিতে শুরু হয়। অধিবেশন শুরুর সময় সংসদের কেবিনেট কক্ষে মন্ত্রিপরিষদের বৈঠক চলছিল।

অধিবেশন শুরুর সময় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা ছাড়া আর কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী  উপস্থিত ছিলেন না।

এসময় সরকারি দলের সামনের সারিতে ছিলেন আলী আশরাফ, মহিউদ্দীন খান আলমগীর, রাজিউদ্দিন আহমেদ রাজু ও রহমত আলী। ছিলেন না সংসদ উপনেতা সাজেদা চৌধুরীও।

আর বিরোধী দলের সামনের আসনগুলোতে ছিলেন শুধু কাজী ফিরোজ রশীদ।

পুরনো খবর:

বাজেট আলোচনায় মুহিতকে না পেয়ে ক্ষোভ ফিরোজ রশিদের