‘বলতে বলতে অর্থমন্ত্রী অবসাদগ্রস্ত’
আর্থিক খাতের পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করে উন্নয়ন প্রকল্প নির্বাচনে বৈষ্যমের অভিযোগ তুলেছেন ক্ষমতাসীন দলের দুই সদস্য।
বুধবার সংসদে ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বজেটের ওপর আলোচনায় আওয়ামী লীগের জ্যেষ্ঠ সংসদ সদস্য আলী আশরাফ বলেন, “আর্থিক প্রতিষ্ঠানগুলো নড়বড়ে হয়ে গেছে। খেলাপি ঋণ ৬০ হাজার কোটি টাকা। এই টাকা কার কাছে?
“হলমার্ক-বেসিক ব্যাংক নিয়ে অর্থমন্ত্রী বলতে বলতে অবসাদগ্রস্ত।”
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় সাবেক গভর্নর আতিউর রহমানের সমালোচনা করেন সাবেক ডেপুটি স্পিকার আলী আশরাফ।
তিনি বলেন, “বাংলাদেশ ব্যাংকে এতবড় ঘটনা হয়ে গেল। গভর্নর নীরবে জানলেন কিন্তু সরবে বাহবা নিয়ে চলে গেলেন কীভাবে? উনি সব জানতেন। চোর সবটাই নিয়ে যেত, দেউলিয়া হয়ে পড়তাম। এর দায়-দায়িত্ব কার?”
আর্থিক খাতের স্বচ্ছতা নিশ্চিতে সংসদের ভূমিকা নিয়েও কথা বলেন তিনি।
পরে আলোচনায় অংশ নিয়ে ক্ষমতাসীন দলের আরেক সদস্য ইসরাফিল আলম বলেন, “জনগণ চায় আর্থিক খাত শক্তিশালী হোক, কারণ তারা এর সুফল ভোগ করতে চায়। সেটা হচ্ছেও। কিন্তু গ্রাম থেকে শহরে মানুষের স্রোত কেন থামানো যাচ্ছে না?
“গ্রামের উন্নয়নে কী হচ্ছে? ভালো শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল থেকে শুরু করে সব রাজধানীতে। গ্রামের উন্নয়নের কথা বলবেন আর সবকিছু রাজধানীতে করবেন- এটা করলে হবে না।”
নওগাঁর এই সংসদ সদস্য রেলওয়ের বিভিন্ন প্রকল্প নিয়ে বৈষ্যমের অভিযোগ তুলে বলেন, “গত আট বছরের উন্নয়নের চিত্র দেখতে হবে। রেলের বড় বড় প্রোজেক্টের ফলাফল কী? বিল নিয়ে গেছে, কাজ হয়নি।”
সংসদে উপস্থিত রেলমন্ত্রী মুজিবুল হকের উদ্দেশে তিনি বলেন, “সিলেট-চট্টগ্রাম গেলে হবে না। চলেন আমার সাথে, খুলনা, নওগাঁ, রাজশাহী চলেন। সেখানে কয়টা ফার্স্ট ক্লাস দিয়েছেন? শান্তাহারের সঙ্গে ১১ জন সংসদ সদস্য জড়িত। সেখানে ফার্স্ট ক্লাস দেননি। এগুলো বন্ধ করেন। না হলে নৌকার জোয়ার আসবে না।”
সড়ক প্রকল্প নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “চার লেইন ছয় লেইন করছেন। ঢাকা থেকে রংপুর যেতে গিয়ে ছয় ঘণ্টার যানজটে আটকে ছিলাম। ঢাকা-খুলনা- কুষ্টিয়ার বড় বড় রাস্তায় বরাদ্দ দেবেন না? আমার এলাকার লোক কি দোষ করল?
বৈষম্যের অভিযোগ তুলে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীরও দৃষ্টি আকর্ষণ করেন এই সাংসদ।
“মাননীয় কৃষিমন্ত্রী, আপনি খুব সফল। খাদ্য এখন উপচে পড়ছে। আমার উত্তরাঞ্চলের লোক সারা দেশের খাদ্য দিচ্ছে। অথচ আমার এলাকায় কোনো ইন্ডাস্ট্রি নাই। এই বৈষম্য দূর করতে হবে।”
আওয়ামী লীগের আবু সাঈদ আল মাহমুদ স্বপন এবং স্বতন্ত্র সদস্য তাহজীব আলম সিদ্দিকীও এদিন বাজেটের ওপর আলোচনায় অংশ নেন।
আলোচনা শেষে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত অধিবেশন মুলতবি করেন।
