আস্থা ফেরাতে সুইফটকে ‘কাটছাঁটের’ চিন্তা
অর্থ পরিশোধের ‘ভুয়া’ বার্তা পাঠিয়ে বাংলাদেশের ৮ কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনার পর ব্যাংকিং লেনদেনের আন্তর্জাতিক নেটওয়ার্ক সুইফট নিজের উপর আস্থা ফেরাতে সাংগঠনিক কার্যক্রম কিছুটা গুটিয়ে নিয়ে কৌশল পুনর্বিবেচনার কথা ভাবছে।
সুইফটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গোটফ্রিড লেব্র্যান্ডট লন্ডন কার্যালয়ে এক সাক্ষাৎকারে এই ভাবনার কথা তুলে ধরেন বলে রয়টার্স এক প্রতিবেদন প্রকাশ করেছে।
তিনি বলেছেন, পরিকল্পনা অনুযায়ী নতুন নিরাপত্তা পদক্ষেপের ব্যয় মেটানোর জন্য সুইফটকে কিছু কার্যক্রম থেকে পিছু হটতে হতে পারে। তবে শিগগিরই এ ধরনের কোনো উদ্যোগ নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন বেলজিয়ামভিত্তিক সংঠনটির এই নির্বাহী প্রধান।
“পেছনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া সবসময়ই ভালো। আপনি সবসময় বলতে পারেন, তাদের কি এটা আরও আগে করা উচিত ছিল না?’ কিন্তু কখনও কখনও তার জন্য এধরনের ঘটনা ঘটার দরকার হয়।”
সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন (সুইফট) হচ্ছে আন্তর্জাতিক লেনদেনের মাধ্যম। সারা বিশ্বের কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংকগুলো এর সদস্য।
এক দেশ থেকে আরেক দেশে সুইফটের মাধ্যমে অর্থ স্থানান্তর হয়ে থাকে। এজন্য সুইফট প্রত্যেকটি সদস্যকে একটি নির্দিষ্ট কোড ও সিস্টেম ব্যবহারের জন্য গোপন নম্বর (পিন) দিয়ে থাকে।
সংশ্লিষ্টরা বলছেন, সুইফট সিস্টেমের প্লাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে সব ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা কঠোর না হওয়ায় এ ধরনের ঝুঁকির বিষয়টি অজানা ছিল না।
তবে সুইফট প্রধান বলছেন, ফেব্রুয়ারির আগে সুইফট টার্মিনালে হ্যাকিংয়ের এই ধরনের কোনো ঘটনা তার জানা ছিল না।
বাংলাদেশের চুরির ঘটনা প্রকাশ পাওয়ার পর তদন্ত করে আরও কিছু ব্যাংকের ক্ষেত্রে নিরাপত্তা ভেদ করার ঘটনার কথা জানতে পারে সুইফট।
এর ফলে সুইফট মেসেজিং প্লাটফর্মের বিশ্বাসযোগ্যতা নিয়ে এই খাতসংশ্লিষ্টদের মধ্যে প্রশ্ন দেখা দেয়।এর মধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে গত সপ্তাহে নতুন করে কিছু উদ্যোগ নিয়েছে।
